মেহেরপুরে দুই ব্যবসায়ীর বাড়িতে বোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুর গ্রামে গতকাল রোববার ভোররাতে দুই ব্যবসায়ীর বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। চাঁদা না পেয়ে ওই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মুদি ব্যবসায়ী টগর আলী বলেন, গতকাল ভোররাত চারটার দিকে মসজিদপাড়া এলাকায় তাঁর বাড়ির আঙিনায় তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। তিনি অভিযোগ করেন, দুই মাস আগে স্থানীয় কিছু লোক তাঁর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় এ কাজ করা হয়েছে বলে তিনি মনে করেন। তবে তিনি কারও নাম বলতে রাজি হননি।
এদিকে একই গ্রামের পরিবহন ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, ভোররাত সাড়ে চারটার দিকে তাঁর একতলা ঘরের ছাদের ওপর দুটি বোমার বিস্ফোরণ ঘটলে তাঁদের ঘুম ভেঙে যায়। তাঁর কাছেও কয়েকজন দুই মাস আগে তিন লাখ টাকা চাঁদা দাবি করেছিল বলে জানান তিনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। চাঁদা না দেওয়ায় কোনো সন্ত্রাসী দল আতঙ্ক সৃষ্টির জন্য ওই বোমা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। কারা ঘটনার সঙ্গে জড়িত, পুলিশ তা তদন্ত করে দেখছে।