মেহেরপুরে ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগরে এক স্কুলছাত্রী ধর্ষণ মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার বিকেলে জেলা দায়রা জজ আদালতের বিচারক রবিউল হাসান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের টোকন (৩০) ও ওই ছাত্রীর নানি রহিমা খাতুন (৬০)। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২ এপ্রিল রাতে মেহেরপুর মুজিবনগর উপজেলায় ওই ছাত্রীকে কৌশলে তার ফুপুর বাড়িতে ডেকে নিয়ে যান তার নানি রহিমা খাতুন। বাড়িতে তার ফুফু না থাকায় কৌশলে মেয়ের ঘরে টোকনকে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন নানি রহিমা। এ সময় মেয়েটিকে ধর্ষণ করেন টোকন। পরে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরদিন সকালে মেয়েটির ফুফু বাদী হয়ে মুজিবনগর থানায় একটি মামলা করেন। পুলিশ টোকন ও রহিমাকে গ্রেপ্তার করে। দীর্ঘ শুনানি শেষে আজ বিকেলে আদালত রায় দেন।
মেহেরপুর আদালতের সরকারি কৌঁসুলি পল্লব ভট্টাচার্য এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।