মেহেরপুরে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল রোববার সদর থানায় মামলা হয়েছে।
আহত ওই পুলিশ কর্মকর্তার নাম একরাম হোসেন। তিনি মেহেরপুর সদর থানায় কর্মরত।
মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা অলক কুমার রায় জানান, পুলিশ কর্মকর্তার গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
একরাম হোসেন জানান, তিনি গত শনিবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের রাজনগর গ্রামের শেখপাড়ায় যান। একটি পারিবারিক মামলার আসামির খোঁজে তিনি ওই গ্রামের কয়েকজনের কাছে বাবর আলীর বাড়ির খোঁজ করেন। এ সময় আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি তাঁকে গালিগালাজ শুরু করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে আশরাফুলসহ গ্রামের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। পরে গ্রামের লোকজন তাঁকে আহতাবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দেন। তাঁর ওপর হামলাকারীরা সবাই জামায়াত-শিবিরের নেতা-কর্মী বলে জানান তিনি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, পুলিশ সাদাপোশাকে গ্রামে আসামি ধরতে এলে গ্রামবাসী তাঁদের সন্ত্রাসী ভেবে হামলা চালিয়েছেন। ঘটনার পর থেকে গ্রামে পুলিশের হয়রানি ও গ্রেপ্তার-আতঙ্ক দেখা দিয়েছে। যাঁরা বিরোধী দলের রাজনীতি করেন, তাঁদের অনেকে গ্রাম ছেড়েছেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান বলেন, এএসআই একরাম হোসেন সাদাপোশাকে কনস্টেবল শাহীনকে নিয়ে আসামি ধরতে ওই গ্রামে গিয়েছিলেন। এ সময় রাজনগর শেখপাড়া গ্রামের জামায়াতের নেতা আশরাফুল, বাবুল, রমজানসহ ১৫ জন দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করেন। এ ঘটনায় সদর থানার এসআই উত্তম ভট্টাচার্য বাদী হয়ে মামলা করেছেন।