মেহেরপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে গতকাল বুধবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ খোকন হোসেন ওরফে কালা গাঙ্গা (৪৫) নিহত হয়েছেন। খোকনকে আন্তজেলা ডাকাত দলের নেতা বলছে পুলিশ।
খোকনের স্ত্রীর রাহেলা খাতুনের (৩৫) অভিযোগ, পুলিশ খোকনকে আটকের পর গুলি করে হত্যা করেছে। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা করবেন তিনি।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিবের ভাষ্যমতে, পুলিশ গত মঙ্গলবার বিকেলে খোকনকে মেহেরপুর শহরের শিশিরপাড়ায় তাঁর বাড়ি থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে খোকন জানান, তাঁর দলের অস্ত্রশস্ত্র রাজনগর গ্রামের দীনদত্ত সেতুর নিচে গোপন স্থানে রাখা আছে। পুলিশ ভোরে তাঁকে নিয়ে দীনদত্ত সেতুর নিচে গিয়ে একটি আগ্নেয়াস্ত্র, চারটি গুলি, চারটি হাতবোমা ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করে। এ সময় সেখানে ওত পেতে থাকা খোকনের সহযোগীরা তাঁকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা ছয়টি গুলি ছোড়ে। এর একপর্যায়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীদের গুলিতেই খোকন মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার পুলিশ জানায়, আন্তজেলা ডাকাত দলের নেতা খোকনের বিরুদ্ধে সদর থানায় দুটি হত্যা ও চারটি ডাকাতিসহ মোট ১০টি মামলা আছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খোকনের স্ত্রী রাহেলা জানান, তাঁর স্বামী মঙ্গলবার রাইপুর গ্রামের বদর উদ্দিনের জমিতে সেচকাজ করছিলেন। এ সময় ছয় পুলিশ সদস্য সেখান থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যান। খবর পেয়ে তাঁরা বিকেলে থানায় গিয়ে দেখা করে এবং স্বামীকে খাবার দিয়ে আসেন। রাতে থানায় গেলে পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে পুরোনো মামলা আছে। তাঁকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে। কিন্তু সকালে জানতে পারেন, তাঁর স্বামী বন্দুকযুদ্ধে মারা গেছেন।
রাহেলা অভিযোগ করেন, বন্দুকযুদ্ধ ও পুলিশের অস্ত্র উদ্ধার—সবই মিথ্যা। এটা হত্যাকাণ্ড। পুলিশ তাঁর স্বামীকে গুলি করে হত্যা করেছে। ষড়যন্ত্রের শিকার হয়ে দুই বছর আগে তাঁর স্বামী কয়েকটি মামলায় জড়িয়ে পড়েন। প্রতিটি মামলায় তিনি জামিনে ছিলেন বলেও দাবি করেন রাহেলা। তিনি বলেন, এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা করবেন তিনি।
দীনদত্ত সেতুর আশপাশের কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাত সাড়ে তিনটার দিকে তাঁরা দীনদত্ত সেতুর কাছে তিনটি গুলির শব্দ শুনেছেন। সকালে জানতে পারেন, সেখানে বন্দুকযুদ্ধে একজন মারা গেছেন। কোনো অস্ত্র উদ্ধারের ঘটনা তাঁরা শোনেননি।