পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মিয়ারুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তি ডাকাতদলের সদস্য ও একাধিক মামলার আসামি ছিলেন। তবে পরিবারের দাবি, মিয়ারুল ষড়যন্ত্রের শিকার।
পুলিশের ভাষ্যমতে, গতকাল শনিবার দিবাগত রাতে সদর উপজেলার রাজনগর গ্রামে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দ্বিনদত্ত ব্রিজের কাছে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের অস্ত্র, বোমা ও গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত মিয়ারুলের বাড়ি সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নূরপুর গ্রামে। বাবার নাম ইমান আলী।
মেহেরপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের পর মিয়ারুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা করা হয়েছে।
মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমানের ভাষ্য, মিয়ারুল আন্তজেলা ডাকাতদল তালেব বাহিনীর দ্বিতীয় প্রধান ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও বিস্ফোরণসহ ১০টি মামলা ছিল।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বলেন, মিয়ারুল গ্রামে ডাকাত বলে পরিচিত ছিল।
তবে নিহত ব্যক্তির স্ত্রী ফাহিমা খাতুনের ভাষ্য, তাঁর স্বামী চুরির মামলায় দুই বছর জেলে ছিলেন। আট-নয় মাস আগে জামিনে মুক্তি পেয়ে মাছ বিক্রি ও চাষাবাদ শুরু করেন তিনি। গ্রামে মারামারির ঘটনায় একটি মহল তাঁর স্বামীকে মামলায় জড়িয়ে দেয়। গতকাল শনিবার সকালে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে সদর থানার পুলিশ জানায়, তাঁকে (মিয়ারুল) রোববার আদালতে পাঠানো হবে। কিন্তু আজ সকালে তাঁর নিহত হওয়ার খবর আসে।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর মিয়ারুলের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধারের বের হয় পুলিশ। গভীর রাতে রাজনগরের দ্বিনদত্ত ব্রিজ অতিক্রমের সময় তার সহযোগীরা পুলিশের ওপর বোমা ও গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় মিয়ারুল পালাতে গিয়ে বন্দুকযুদ্ধে নিহত হয়। এ সময় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হক ও অর্জন কুমার, উপপরিদর্শক (এসআই) আহসান উল্লাহ ও কনস্টেবল আব্দুর রাজ্জাক আহত হয়েছেন। তাঁরা মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দ্বিনদত্ত ব্রিজের কাছে মৎস্য বিলের এক পাহারাদার বলেন, তিনি রাত তিনটার দিকে চার-পাঁচটি গুলির শব্দ শুনেছেন। তবে কোনো বোমার আওয়াজ শোনেননি।
মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আউলিয়ার রহমান বলেন, কয়েকজন পুলিশ সদস্য রাত তিনটার দিকে এক ব্যক্তির গুলিবিদ্ধ নিথর দেহ নিয়ে আসেন। লাশের বুকে গুলির চিহ্ন ছিল।