মেহেরপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলার নিশ্চিন্তপুরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এনামুল হক এনা (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নিশ্চিন্তপুর বটতলা মোড়ে এ ঘটনা ঘটে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশের দাবি, নিহত এনামুল হক এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ছিলেন। তাঁর বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। তিনি সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত তোয়াজ আলীর ছেলে। বন্দুকযুদ্ধের ঘটনায় ডিবি পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম, কনস্টেবল সোহাগ মিয়া ও মাসুদ হাসান। তাঁদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি।

ওসি ওবাইদুর রহমান জানান, গতকাল রাত আড়াইটার দিকে সদর উপজেলার নিশ্চিন্তপুর বটতলা মোড়ে একদল মাদক ব্যবসায়ী অবস্থান নিয়েছে বলে পুলিশ খবর পায়। ডিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে একপর্যায়ে ডিবি সদস্যরা পাল্টা গুলি ছোড়েন। দুই পক্ষের মধ্যে ১০ মিনিট ধরে গোলাগুলি চলে। পরে মাদক ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ঘটনাস্থলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী এনামুল হককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ওবাইদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য এনামুল হকের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।