হেরোইন সেবনকারীদের ছাড়াতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের হাকিমকে হুমকি দেওয়ায় মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুরুল কবিরকে এক দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
আজ বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম ও সদর উপজেলা ভূমি কমিশনার (এসি ল্যান্ড) ফরিদ হোসেন এ রায় দেন। রায়ের পর প্যানেল মেয়র মঞ্জুরুল জরিমানার অর্থ পরিশোধ করেছেন।
একই সময়ে ভ্রাম্যমাণ আদালত হেরোইন সেবন ও রাখার দায়ে শহরের তিন যুবকের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।
দণ্ড পাওয়া যুবকেরা হলেন শহরের মল্লিকপাড়ার শাহি (৩২), ভূমি অফিসপাড়ার হিরোক (২৯) ও ঘোষপাড়ার রাজকুমার ঘোষ (৩১)।
ফরিদ হোসেন প্রথম আলোকে জানান, শহরের বাসস্ট্যান্ড এলাকার পশু হাসপাতালের পেছনে একটি পরিত্যক্ত ভবনের ভেতর বসে তিন যুবক হেরোইন সেবন করছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশসহ ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে ওই তিন যুবককে হেরোইন সেবনরত অবস্থায় আটক করেন। তাঁরা আদালতের কাছে দোষ স্বীকার করে জবানবন্দি দিলে প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় এক ব্যক্তি নিজেকে প্যানেল মেয়র পরিচয় দিয়ে আটক তিন যুবককে ছাড়াতে আদালতকে চাপ প্রয়োগ করেন। একপর্যায়ে তিনি আটক যুবকদের না ছাড়লে আদালতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার হুমকি দেন। এ অপরাধে আদালত প্যানেল মেয়রের বিরুদ্ধে ওই রায় দেন।