মেহেরপুরে বোমা হামলায় আ.লীগের তিন কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে বোমা হামলায় আওয়ামী লীগের তিন কর্মী গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার রামনগর-ভবানীপুর গ্রামের তালতলা মাঠে হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত ব্যক্তিরা হলেন মুজিবুল হক (৪২), আনারুল ইসলাম (৩৭) ও গোলাম মোস্তফা (৩৯)। তাঁদের মধ্যে মুজিবুলের মুখমণ্ডল ঝলসে গেছে এবং ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য দুজনকে মেহেরপুর জেনারেল হাসপাতাল ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, আহত তিনজন একটি মোটরসাইকেলে করে রামনগর থেকে ভবানীপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় ভবানীপুর গ্রামের তালতলা মাঠে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে দুটি বোমার বিস্ফোরণ ঘটায়।
ভবানীপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক স্বপন কুমার বলেন, সম্প্রতি আক্কাছ নামের একজনকে পুলিশে ধরিয়ে দেওয়া এবং চোরাচালানের কর্তৃত্ব ও ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে ওই বোমা হামলার ঘটনা ঘটেছে। কারা বোমা হামলা ঘটিয়েছে, তা আহত ব্যক্তিরা জানেন। কিন্তু পুলিশকে কিছুই বলছেন না। সে কারণে থানায় কোনো মামলা হয়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম বলেন, ‘বোমা হামলায় আহত তিনজনই বদ। হামলাকারী ও আহত ব্যক্তিরা একই গ্রুপের এবং মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। এ বিষয়ে পুলিশ তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’