মেহেরপুরে মন্দিরের চারটি প্রতিমা চুরি
মেহেরপুর শহরের সিদ্ধেশ্বরী কালীমন্দির থেকে গত মঙ্গলবার রাতে চারটি প্রতিমা চুরি হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার মামলা করেছে মন্দির কর্তৃপক্ষ।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি কিশোর পাত্র বলেন, মঙ্গলবার রাত আটটা পর্যন্ত সিদ্ধেশ্বরী কালীমন্দির তালাবদ্ধ অবস্থায় ছিল। আটটার পর মন্দিরে আসেন পুরোহিত তপন বন্দ্যোপাধ্যায়। রাত নয়টা পর্যন্ত চলে পূজা-অর্চনা। এরপর জিনিসপত্র গোছাতে গিয়ে
তিনি দেখতে পান, রাধা-কৃষ্ণ, গোপাল ও সরস্বতী দেবীর মূর্তি নেই।
মন্দিরের পুরোহিত তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মঙ্গলবার রাত নয়টার সময় পূজা-অর্চনা শেষ করে আমি মন্দির বন্ধ করছিলাম। এ সময় সময় সবকিছু গোছাতে গিয়ে দেখি, ওই চারটি প্রতিমা নেই।’
তাৎক্ষণিকভাবে পুরোহিত তপন বন্দ্যোপাধ্যায় মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের খবর দেন। তাঁরা ঘটনাস্থলে আসার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি কিশোর পাত্র গতকাল সকালে মেহেরপুর সদর থানায় একটি মামলা করেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। কারা প্রতিমা চুরির সঙ্গে জড়িত, তা শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।