মেহেরপুরে শিশু ধর্ষণের শিকার কিশোরের বিরুদ্ধে অভিযোগ
মেহেরপুরের মুজিবনগরে গতকাল শনিবার প্রথম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা বলছেন, শিশুটিকে ধর্ষণের বিষয়ে প্রাথমিক আলামত পাওয়া গেছে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির বাড়ি মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের একটি গ্রামে। একই গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্র গতকাল সকালে মেয়েটিকে ফল খাওয়ানোর লোভ দেখিয়ে কাছে ডাকে। একপর্যায়ে সে শিশুটিকে পাশের ফসলের মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মেয়েটি বাড়ি ফিরে এসে বিষয়টি পরিবারের সদস্যদের জানিয়ে দেয়। পরে অসুস্থ হয়ে পড়লে বিকেলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে আনা হয়।
হাসপাতালের চিকিৎসক রাফিক-ঊন-নবী সিয়াম বলেন, তাঁরা শিশুটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেছেন। এতে সে ধর্ষণের শিকার হয়েছে বলে আলামত পাওয়া গেছে। বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বলেন, বিষয়টি জানার পরপরই তাঁরা ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।