মেহেরপুরে 'বন্দুকযুদ্ধে' তিনজন নিহত
মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক ও এক কিশোর নিহত হয়েছে। উপজেলার মটমুড়া গ্রামে গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
জেলা পুলিশ সুপারের ভাষ্য, নিহত ব্যক্তিরা ইটভাটার মালিক-শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করতেন। তাঁরা চরমপন্থী সংগঠনের সদস্য হতে পারেন। তবে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, নিহত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় কোনো মামলা ছিল না।
নিহত দুই যুবকের পরিবারের দাবি, তাঁরা রাজমিস্ত্রি ছিলেন। আর কিশোরের পরিবার বলেছে, সে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
নিহত তিনজন হলেন উপজেলার মানিকদিয়া গ্রামের মহিবুল ইসলাম (২৮) ও তাজবুল হোসেন (২৫) এবং ভোলাডাঙ্গা গ্রামের মো. তুহিন আহমেদ (১৭)। মেহেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, সন্ত্রাসীরা চাঁদা দাবি করে এক সপ্তাহ ধরে উপজেলার বেশ কয়েকটি ইটভাটার মালিককে হুমকি দিচ্ছিল। বিষয়টি জানার পর পুলিশের টহল বাড়ানো হয়। সোমবার রাতে খবর আসে, ১০-১৫ জনের একটা দল মটমুড়ার দিকে যাচ্ছে। পুলিশের দলও সেখানে গেলে একতা ব্রিকসের সামনে তারা মুখোমুখি হয়। সন্ত্রাসীরা ককটেল ও গুলি ছুড়লে পুলিশ পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। পুলিশ সুপার বলেন, নিহত তিনজন চরমপন্থী কোনো সংগঠনের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে ইটভাটার দুই শ্রমিক বলেন, রাতে তাঁরা ইটভাটার ওপরেই টংঘরে ছিলেন। ভোররাত চারটার দিকে ককটেল ও গুলির শব্দ এবং চিৎকার শুনতে পান তাঁরা। ভয় পেয়ে তাঁরা ছুটে গ্রামের ভেতরে গিয়ে লুকিয়ে পড়েন।
মহিবুলের দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী শুকতারা বলেন, মহিবুল রাজমিস্ত্রির কাজ করতেন। সম্প্রতি তিনি এলাকায় ধান কাটার মজুরের কাজ করছিলেন। তাজবুলের স্ত্রী সাজেদা খাতুনের দাবি, মহিবুলের সঙ্গে তাজবুল রাজমিস্ত্রির কাজ করতেন।
ভোলাডাঙ্গা গ্রামে তুহিনের বাবা ফকির মোহাম্মদ বলেন, তাঁর ছেলে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করত। গত বছর এসএসসি পরীক্ষার আগে সে পড়ালেখা বন্ধ করে দেয়। সম্প্রতি সে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন গতকাল সন্ধ্যায় বলেন, মেহেরপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাস্থল থেকে দুটি ককটেল, দুটি রামদা, একটি দেশীয় এলজি, একটি পিস্তল ও বন্দুকের দুটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র, বিস্ফোরক ও সরকারি কাজে বাধাদানের অভিযোগ এনে তিনটি মামলা করা হয়েছে।