মেহেরপুরে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইয়াকুব আলী (৩৩) ওরফে কাজল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গাড়াডোব গা চুলকানোপাড়া গ্রামের বাঁশবাগানে ‘বন্দুকযুদ্ধের’ এই ঘটনা ঘটে। এর এক দিন আগে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ইয়াকুবকে আটক করা হয়।
পুলিশ বলছে, নিহত ব্যক্তি এক স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামি এবং তাঁর বিরুদ্ধে এক গৃহবধূকে অ্যাসিড–জাতীয় তরল পদার্থ নিক্ষেপের অভিযোগ রয়েছে। নিহত ইয়াকুব গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের জালাল উদ্দিন ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার ‘বন্দুকযুদ্ধের’ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
পুলিশের তথ্যমতে, গত বছরের ২০ ডিসেম্বর এক স্কুলছাত্রীকে অপহরণের পর গণধর্ষণের মামলার মূল আসামি ছিলেন ইয়াকুব। এ ঘটনায় ওই ছাত্রীর মা গাংনী থানায় মামলা করেন। ওই মামলার কয়েক আসামির একজন কারাগারে আছেন। ইয়াকুব পলাতক ছিলেন।
স্থানীয় লোকজন জানান, ইয়াকুব বেশ কিছুদিন ধরে ধলা গ্রামে অবস্থান করছিলেন। ওই গ্রামের এক গৃহবধূর সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার বিকেলে ওই গৃহবধূর মুখে তিনি অ্যাসিড–জাতীয় তরল পদার্থ ছুড়ে মারেন বলে পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানায় গৃহবধূর পরিবার। ওই দিন রাত ১১টার দিকে ইয়াকুবকে আটক করে নিয়ে যায় পুলিশ। তবে এ ঘটনায় মামলা হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেনি পুলিশ।
গাংনী থানার পুলিশ জানায়, গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামে এক গৃহবধূর মুখে অ্যাসিড ছুড়েছেন ইয়াকুব—এমন অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করে ধলা ফাঁড়ির পুলিশ। ওই গৃহবধূকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
ইয়াকুবের পরিবার দাবি করেছে, গণধর্ষণ ও অ্যাসিড নিক্ষেপের দুটি ঘটনাই সাজানো। ইয়াকুবকে ফাঁসিয়ে আইনি কোনো সুযোগ না দিয়ে ‘বন্দুকযুদ্ধের’ নামে মেরে ফেলা হয়েছে। এমনকি গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের ঘটনার কথা বলা হলেও গৃহবধূর শরীরে কোনো আলামত দেখেনি গ্রামবাসী।
নিহত ইয়াকুব আলীর বাবা জালাল উদ্দিন বলেন, তাঁর সন্তান যদি কোনো অপরাধ করেন, তবে দেশে আইন আছে, আদালত আছে। সেখানে বিচার হবে। এভাবে তাঁর সন্তানকে মেরে ফেলা উচিত হয়নি।
গৃহবধূর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে মেহেরপুর জেনারেল হাসপাতালে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক প্রথম আলোকে বলেন, গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে কি না, এর পরীক্ষা চলছে। কয়েক দিন পর জানা যাবে। গৃহবধূকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রাখা হয়েছে।
‘বন্দুকযুদ্ধ’ প্রসঙ্গে গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন, বৃহস্পতিবার রাতে ইয়াকুব আলীকে আটকের পর জিজ্ঞাসাবাদে তাঁর কাছে অবৈধ অস্ত্রের মজুত রয়েছে বলে জানা যায়। সেই অস্ত্র উদ্ধারে রাতেই তাঁকে নিয়ে রওনা হয় পুলিশের একটি দল। গাড়াডোব গা চুলকানোপাড়া গ্রামের বাঁশবাগানে পৌঁছালে সেখানে ওত পেতে থাকা একটি দল পুলিশের গাড়ি দেখে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এ সময় গোলাগুলিতে ইয়াকুব আলী নিহত হন।
ওসি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।