বাগেরহাটের মোংলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষকদের পক্ষ থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। প্রতিকার না পেয়ে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় বর্তমানে ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১২ হাজার। বিদ্যালয়গুলো দেখভালের জন্য রয়েছেন একজন শিক্ষা কর্মকর্তা ও তিনজন সহকারী শিক্ষা কর্মকর্তা। তাঁদের মধ্যে শিক্ষা কর্মকর্তা মোসাম্মাৎ শামসুন নাহার ও সহকারী শিক্ষা কর্মকর্তা গুরুদাস বিশ্বাস ও পুষ্পজিৎ মণ্ডলের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
সাত পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম বলেন, ২০১৬-১৭ অর্থবছরে প্রতিটি বিদ্যালয়ে স্লিপ কর্মসূচির আওতায় ৪০ হাজার ও নিয়মিত সংস্কার (সিএফএস) বাবদ ৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। শিক্ষা কর্মকর্তারা এ বরাদ্দ থেকে ৫ হাজার টাকা বাদ দিয়ে বিল করেন। বাকি টাকা দেওয়ার সময় প্রত্যেক প্রধান শিক্ষকের কাছ থেকে আরও ৬ হাজার টাকা করে নেন। এ ছাড়া প্রায় ১৫টি বিদ্যালয়ের শিক্ষক বদলি ও প্রেষণের নামে ১০ থেকে ২০ হাজার টাকা উৎকোচ নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রধান শিক্ষক বলেন, প্রতিবছর উপজেলার গুচ্ছ প্রশিক্ষণ প্রকল্পে (ক্লাস্টার ট্রেনিং) সরকারি বরাদ্দের টাকা খরচ করা হয় না। প্রশিক্ষণের জন্য শিক্ষকদের যে সম্মানী দেওয়ার কথা, তা-ও তাঁদের দেওয়া হয় না। সরকার-নির্ধারিত প্রতি সেট প্রশ্নের মূল্য তিন টাকা হলেও ওই তিন শিক্ষা কর্মকর্তা পাঁচ টাকা করে আদায় করেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের পক্ষ থেকে ১০ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়। কিন্তু প্রতিকার না পেয়ে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা। এর অংশ হিসেবে আগামী সোমবার সব বিদ্যালয়ের প্রধান শিক্ষক চেয়ারে বসবেন না। তাঁরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া এবারের মাসিক সভা চলাকালেও তাঁরা বসবেন না।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার বলেন, ‘কয়েকজন শিক্ষকের সঙ্গে আমাদের কিছু বিষয় নিয়ে মতানৈক্য হয়েছে। সে কারণে এসব অভিযোগ আনা হয়েছে।’
গতকাল শনিবার মুঠোফোনে যোগাযোগ করা হলে সহকারী শিক্ষা কর্মকর্তা গুরুদাস বিশ্বাস বলেন, এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। অভিযোগ অস্বীকার করে পুষ্পজিৎ মণ্ডল বলেন, শিক্ষকদের ক্ষোভ মূলত শিক্ষা কর্মকর্তার ওপর। তিনি এ নিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেছিলেন। পরে শিক্ষকেরা অভিযোগে তাঁর নামও উল্লেখ করেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমদ্দার বলেন, ‘এ বিষয়ে আমার কাছে অভিযোগ এসেছে। তদন্ত করে ব্যবস্থা
নেওয়া হবে।’