মোংলায় হোলসিম সিমেন্ট কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিমেন্ট তৈরির সময় সৃষ্ট বর্জ্য নদী ও আশপাশের জমিতে ফেলে পরিবেশ দূষণ এবং উৎপাদিত সিমেন্টের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা না থাকায় বাগেরহাটের মোংলায় হোলসিম সিমেন্ট কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অন্যদিকে পৃথক আরও দুটি অভিযানে এক বেকারি ও একটি হোটেলকে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে মোংলা বন্দর শিল্প এলাকায় হোলসিম সিমেন্ট কারখানায় অভিযান পরিচালনা করেন বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম নাজিম উদ্দিন।

নাজিম উদ্দিন বলেন, ভোক্তা অধিকার আইন অনুযায়ী হোলসিম কারখানায় উৎপাদিত সিমেন্টের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা ছিল না। তা ছাড়া কারখানাতে সিমেন্ট উৎপাদনের সময় তৈরি হওয়া বর্জ্য নদী ও আশপাশের জমিতে ফেলে পরিবেশ দূষণ করা হচ্ছিল। এসব কারণে ওই সিমেন্ট কারখানাকে জরিমানা করা হয়েছে।

অন্যদিকে খাদ্যে বিষাক্ত রং ব্যবহার ও ভেজাল পণ্য উৎপাদনের দায়ে মোংলা শহরের বরিশাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মৌমিতা দাস। একই সময়ে ওই শহরের সাগরিকা হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ​তৈরি ও পরিবেশনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন।