মহাসড়কে চাঁদা আদায়ে বাধা দেওয়ায় গতকাল বুধবার রংপুরের তারাগঞ্জে পিকআপভ্যান শ্রমিকেরা উপজেলা মোটরশ্রমিক নেতাদের মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে মোটরশ্রমিক নেতা-কর্মীরা রংপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করেন।
মোটরশ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁদা আদায়ে বাধা দেওয়ায় গতকাল দুপুরে মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ হোসেন, কার্যকরী সভাপতি নুর আলম এবং দপ্তর সম্পাদক কাজী আজাহারুল ইসলামকে মারধর করেন পিকআপ ভ্যান ইউনিয়নের নেতা-কর্মীরা। এর প্রতিবাদে ওই সংগঠনের নেতা-কর্মীরা দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত রংপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় রাস্তার দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে।
উপজেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ হোসেন অভিযোগ করেন, উপজেলা পিকআপভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা গতকাল সকাল থেকে রংপুর-সৈয়দপুর মহাসড়কে তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ চৌপথি এলাকায় পিকআপ থামিয়ে চাঁদা আদায় শুরু করেন। এর প্রতিবাদ করলে তাঁরা মোটরশ্রমিক ইউনিয়নের তিন নেতাকে মারধর করেন।
উপজেলা পিকআপভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বলেন, ‘আমরা শ্রমিকদের কল্যাণে মহাসড়কে চাঁদা তুলেছিলাম। স্বার্থে আঘাত লাগায় মোটরশ্রমিক ইউনিয়নের নেতা সাজ্জাদ হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতা আমাদের মারধর করেন। তারা অফিসের সাইনবোর্ডও ভেঙে ফেলেন।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরশ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলে। দুপুর আড়াইটার দিকে তাঁরা অবরোধ তুলে নিলে মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।