মোটরসাইকেল ও টাকা ছিনতাই
চুয়াডাঙ্গায় গত মঙ্গলবার রাতে পৃথক স্থানে দুটি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা মোটরসাইকেল ছাড়াও টাকা ছিনিয়ে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার খেজুরতলা গ্রামের মিনারুল ইসলাম (৩৮) মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। টেংরামারী-কুলচারা সড়কের বালুরমাঠ এলাকায় আগে থেকে ওঁত পেতে থাকা ছিনতাইকারীরা রাস্তায় গাছ ফেলে মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা মিনারুলের কাছ থেকে ৪০ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় এবং হাত-পা বেঁধে তাঁকে রাস্তায় ফেলে যায়। পরে মিনারুলের চিৎকারে টেংরামারী গ্রামের লোকজন এসে তাঁকে উদ্ধার করেন।
একই দিন সন্ধ্যা সাতটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জের সিরাজুল ইসলাম এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বেগমপুর ইউনিয়নের দোস্তের হাট থেকে বাড়ি ফিরছিলেন। ইউনিয়নের কুন্দিপুর-কুকিয়া চাঁদপুর সড়কের বেলেমাঠে তাঁরা ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁদের মাথায় পিস্তল দিয়ে আঘাত করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে চলে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, উভয় ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা থানায় সাধারণ ডায়েরি করেছেন।