মোটরসাইকেল চুরি চলছেই
দিনাজপুর শহরে মোটরসাইকেল চুরি চলছেই। দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে দেওয়া তথ্যমতে, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত জেলায় ৮৫টি মোটরসাইকেল চুরি হয়েছে। নিবন্ধনবিহীন গাড়ির আধিক্য, আন্তজেলা নেটওয়ার্ক গঠন ও সস্তায় দ্রুত বিক্রির সুযোগ থাকায় এই জেলায় মোটরসাইকেল চোরের দল সক্রিয় হয়ে উঠছে বলে জানা গেছে।
শহরের মধ্য বালুবাড়ির বাসিন্দা দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, ১৯ জুলাই বাইরে যেতে বাড়ির গ্যারেজে এসে দেখেন তাঁর মোটরসাইকেলটি নেই। আনোয়ারুল ইসলামের বড় ভাই দিনাজপুর স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মেহেরুল ইসলাম। তিনি গত ১৯ সেপ্টেম্বর দিনাজপুর মেডিকেল কলেজ-সংলগ্ন বাসা থেকে সকালে আদালতে যাওয়ার উদ্দেশে বের হন। এ সময় গ্যারেজে গিয়ে দেখেন, সেখানকার গ্রিল কাটা আর মোটরসাইকেল হাওয়া।
দুই ঘটনাতেই থানায় মামলা হয়েছে। কিন্তু আজও মোটরসাইকেলগুলোর কোনো হদিস মেলেনি।
বিরামপুরের ফটোস্ট্যাট ব্যবসায়ী বেলাল হোসেন গত রোববার বলেন, ২০১২ ও ২০১৩ সালে তাঁর দুটি মোটরসাইকেল চুরি হয়। এই দুই চুরির পর তিনি মামলাও করেন। কিন্তু এরপর মামলার তদন্তের আর কোনো অগ্রগতি সম্পর্কে তিনি কিছু জানেন না।
তবে পুলিশ সুপারের কার্যালয় থেকে দেওয়া তথ্য অনুযায়ী, ৮৫টি মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা হয়েছে ৬৮টি ও সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে ১৭টি। এর মধ্যে পুলিশ আদালতে ২৫টি মামলার অভিযোগপত্র দাখিল করেছে। চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে ১৫টি মামলার। আর তদন্তাধীন আছে ২৪টি মামলা। এসব চুরির ঘটনায় পুলিশ আটক করে ১৫৩ জনকে। উদ্ধার করা হয়েছে ৩৮টি মোটরসাইকেল।
পুলিশ ও গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদের দেওয়া তথ্যমতে, জেলায় ৫০-৬০ জনের সক্রিয় তিন শ্রেণির মোটরসাইকেল চোরের দল আছে। এ ছাড়া মোটরসাইকেল চুরিতে সহযোগিতাকারী ও চোরাই মোটরসাইকেল ক্রেতা আছে ১৩ জন। দিনাজপুর শহর থেকে ঠাকুরগাঁও জেলার হরিপুর পর্যন্ত যেসব মোটরসাইকেল চুরি হয়, সেগুলো রংপুর ও নীলফামারী জেলার বিভিন্ন স্থানে চলে যায়। আর দিনাজপুর থেকে হাকিমপুর পর্যন্ত যেসব মোটরসাইকেল চুরি হয়, সেগুলোর একটি অংশ হাকিমপুর সীমান্তে বাংলাদেশ-ভারতের শূন্যরেখায় অবস্থিত হাঁড়িপুকুর গ্রামে আর আরেকটি অংশ নবাবগঞ্জ উপজেলা হয়ে রংপুর জেলার পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলায় নিয়ে চেচিস-ইঞ্জিন নম্বর পরিবর্তন করে বিক্রি করা হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত খান বলেন, বাজারে মোটরসাইকেলের দাম অনেক বেশি হলেও চোরেরা সাধারণ মানুষের কাছে তা বিক্রি করতে পারে না। কারণ, সে ক্ষেত্রে পুলিশের কাছে ধরা পড়ার আশঙ্কা থাকে। এসব চোরাই মোটরসাইকেল কেনার জন্যও সিন্ডিকেট আছে।
পুলিশ সুপার রুহুল আমিন বলেন, বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল বিক্রেতা বা এজেন্টরা বিক্রি বাড়ানোর জন্য নামমাত্র টাকা জমা নিয়ে কাগজ হাতে রেখে মোটরসাইকেল বিক্রি করে। বেশির ভাগ ক্ষেত্রে ক্রেতারা মোটরসাইকেল কেনার পর লাইসেন্স করেন না। এ অবস্থায় মোটরসাইকেল চুরি হলে তাঁরা থানায় মামলা করতে চান না।