মোটরসাইকেল চুরি বেশি হয় শাহবাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গত ১৫ অক্টোবর বেলা দেড়টার দিকে মোটরসাইকেল রেখে ভেতরে যান ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি উজ্জ্বল কুমার পাল। আধা ঘণ্টা পর ফিরে এসে দেখেন, মোটরবাইকটি চুরি হয়ে গেছে।
উজ্জ্বল কুমার পাল প্রথম আলোকে বলেন, তিনি শাহবাগ থানায় এ ঘটনায় মামলা করেছেন, কিন্তু মোটরসাইকেলটি এখন পর্যন্ত উদ্ধার হয়নি।
মোটরসাইকেল চুরি নিয়ে শাহবাগ থানায় খোঁজ নিতে গিয়ে জানা গেল, শুধু উজ্জ্বল কুমারই নন, গত ১০ মাসে শাহবাগ থানা এলাকা থেকে ৮১টি মোটরসাইকেল চুরি হয়েছে। এর একটিও উদ্ধার হয়নি।
ঢাকা মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রাজধানীর ৪৯টি থানা এলাকায় প্রতিবছর ৮০০ মোটরসাইকেল চুরির মামলা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি মোটরসাইকেল চুরি হয় শাহবাগ থানা এলাকায়। ঢাকা মেডিকেল চত্বর, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যানের গেট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও চারুকলার সামনের ছবির হাট হলো সবচেয়ে বেশি মোটরসাইকেল চুরির স্থান হিসেবে চিহ্নিত।
ঢাকার মহানগর হাকিম আদালত থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, গত চার বছরে শাহবাগ থানায় ৩৩০টি মোটরসাইকেল চুরির মামলা হয়েছে। এর মধ্যে ২০২টি মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। এ সময়ে মাত্র ১৭টি মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এখনো তদন্ত চলছে ১১১টির মামলা।
শাহবাগ থানায় কেন মোটরসাইকেল বেশি চুরি হয়? জানতে চাইলে রমনা অঞ্চলের সহকারী কমিশনার এস এম শিবলী নোমান প্রথম আলোকে বলেন, এই এলাকায় মোটরসাইকেল ব্যবহার করেন—এমন তরুণদের আনাগোনা বেশি। ছাত্রদের অনেকে মোটরসাইকেল এনে আড্ডা দেন। আরও আছে বড় বড় সরকারি হাসপাতাল। ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা মোটরসাইকেলে করে এসব হাসপাতালে আসেন। এ কারণে শাহবাগ থানায় মোটরসাইকেলের আনাগোনা যেমন বেশি, তেমনি চুরিও বেশি।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মোটরসাইকেল রাখার নির্দিষ্ট কোনো স্থান (গ্যারেজ) নেই। যে কারণে মোটরসাইকেল আরোহীরা যে যেভাবে পারেন, সেভাবে মোটরসাইকেল রেখে কাজে চলে যান। এ সুযোগ কাজে লাগিয়ে প্রায় প্রতিদিন ঢাকা মেডিকেলের সামনে থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা। একই চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যানের গেট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও চারুকলার সামনের ছবির হাট এলাকার।
১৪ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানের গেটের সামনে তালা মেরে উদ্যানের ভেতরে ঘুরতে যান মো. খলিল নামের এক ব্যক্তি। ১০ মিনিট পরে এসে দেখেন, চোরেরা মোটরসাইকেল নিয়ে গেছে। এ ব্যাপারে তিনি প্রথম আলোকে বলেন, শাহবাগ এলাকার এসব জায়গায় যদি মোটরসাইকেল রাখার গ্যারেজ থাকত, তা হলে এত মোটরসাইকেল চুরি হতো না।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাফর আলী বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘শাহবাগ এলাকায় মোটরসাইকেল চুরি যাতে কমে আসে, সে ব্যাপারে তৎপর আছি।’
সোহেল রানা বলেন, ‘গত ৪ এপ্রিল ঢাকা মেডিকেলের সামনে থেকে একটি ডিসকভারি মোটরসাইকেল চুরি হয়। তদন্ত শেষে ৬ জুলাই চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। এখন ক্ষতি যা হওয়ার আমার হলো। মামলা করে কী লাভ হলো?’