মোটরসাইকেল চুরির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে থানা থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে ইয়ার হোসেন নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ইয়ার হোসেন (২৬) নবীনগর পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর বাড়ি নবীনগর পৌর শহরের আলমনগর এলাকায়।
নবীনগর থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার অবৈধ মোটরসাইকেল জব্দ করতে সন্ধ্যায় পুলিশের সদস্যরা থানার সামনে তল্লাশি চৌকি বসান। এ সময় তাঁরা আলমনগর এলাকার তৌহিদ মিয়াকে মোটরসাইকেলসহ থানায় নিয়ে যান। মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় পুলিশ তাঁকে থানায় নেয়। পরে তৌহিদ মোটরসাইকেলের কাগজপত্র রয়েছে দাবি করে তা আনতে বাড়ি যান। এরই মধ্যে ইয়ার হোসেন থানায় এসে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
নবীনগর থানা সূত্রে আরও জানা গেছে, থানা এলাকায় লাগানো সিসি ক্যামেরায় মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার বিষয়টি ধরা পড়লে নবীনগর লঞ্চঘাট থেকে ইয়ারকে রাত সোয়া আটটার দিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী কালঘড়া এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এসআই রেজাউল ইয়ার, তৌহিদসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ বি এম নাজমুল হোসেন জেমস বলেন, ইয়ার হোসেন ষড়যন্ত্রের শিকার।