মোটরসাইকেল চুরির এক মামলার তদন্ত করতে গিয়ে মিলল ৫টি
চুরি হওয়া একটি মোটরসাইকেল মামলার তদন্ত করতে গিয়ে পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরের কালা মিয়া বাজার, পাঁচলাইশ ও ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে চুরি হওয়া পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানে কালা মিয়া বাজার ও পাঁচলাইশ এলাকা থেকে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত একটি চক্রের পাঁচজনকেও গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার করা পাঁচজন হলেন মহসিন চৌধুরী, মো. শাকিব, মো. মহিউদ্দিন, মো. ইকবাল ও মো. আমির।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, নকল চাবি দিয়ে তাঁরা মোটরসাইকেল চুরি করেন। পরে জেলার ফটিকছড়ি ও বোয়ালখালীতে নিয়ে যান এসব মোটরসাইকেল। সেখানে গাড়ির রং ও নম্বর প্লেট পাল্টে কম দামে বিক্রি করে দেন।
ওসি বলেন, ফটিকছড়ির আজাদী বাজারের একটি গ্যারেজে অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেল এবং কালা মিয়া বাজার ও পাঁচলাইশ এলাকা থেকে আরও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে গ্রেপ্তার পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামিদের কাছ থেকে ১০০টি চোরাই মোটরসাইকেলের কাগজপত্র পাওয়া গেছে। চোরাই মোটরসাইকেল উদ্ধারে বোয়ালখালী উপজেলাতেও অভিযান চালানো হবে বলে জানান ওসি।