মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত বিষ্ণু চন্দ্র বর্মণের (৩০) গত শনিবার রাতে মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার নওডাঙ্গী এলাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য বিষ্ণু চন্দ্র বর্মণকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষ্ণু চন্দ্র বর্মণের বাড়ি বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নের গান্ডারা গ্রামে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও বীরগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বিষ্ণু চন্দ্র শুক্রবার রাত ১০টার দিকে কাহারোলের বলেয়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বীরগঞ্জের নওডাঙ্গী এলাকায় একদল ছিনতাইকারী বিষ্ণু চন্দ্রের মোটরসাইকেল কেড়ে নেওয়ার চেষ্টা করে। এতে বিষ্ণু বাধা দিলে তারা তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় বিষ্ণুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর বানিয়াপাড়া গ্রামের নুরুল মণ্ডল (৩৬), একই এলাকার বাদশা মিয়া (২৩) ও ঠাকুরগাঁও সদরের আরাজীঢাঙ্গী মহল্লার সোমারু মণ্ডলকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন বিষ্ণু চন্দ্রকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় বিষ্ণুর শ্বশুর বিজয় কুমার বসাক গত শনিবার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।