মোটরসাইকেলসহ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তানে গতকাল শুক্রবার ভোরে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে মোটরসাইকেলসহ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সময় সামান্য আহত সোহেল মাহমুদ (৪২) নামের ওই ব্যবসায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
সোহেল সাংবাদিকদের জানান, তিনি বাংলামোটরে থাকেন। গতকাল ভোর সাড়ে চারটায় মোটরসাইকেল চালিয়ে তিনি যাত্রাবাড়ীতে মাছের আড়তে যাচ্ছিলেন। পকেটে ছিল ৫০ হাজার টাকা।
গুলিস্থানে বঙ্গভবনসংলগ্ন সড়কে পৌঁছলে পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। তখন পিকআপ ভ্যান থেকে ছয়-সাতজন নেমে এসে তাঁকে ঘেরাও করে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। পরে টাকা, মুঠোফোন ও মোটরসাইকেল নিয়ে তারা দ্রুত চলে যায়। সড়কে ছিটকে পড়ে সামান্য আহত হওয়ায় তিনি নিজেই পরে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যান।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।