মোটরসাইকেলে অনুসরণ গুলিতে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের মতিহার থানার কাপাশিয়া এলাকায় টাকা ছিনতাইয়ের জন্য গতকাল বুধবার বিকাশের দুই কর্মীকে গুলি করেছে ছিনতাইকারীরা। ঘটনার পর একটি মোটরসাইকেলে তিন ছিনতাইকারী পালিয়ে যায়। গুলিবিদ্ধ দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিকাশের গুলিবিদ্ধ কর্মীরা হলেন রবিউল ইসলাম (৪৫) ও মোমিনুল ইসলাম (২৬)। রবিউলের বাবার নাম আবুল কাশেম। বাড়ি রাজশাহী নগরের কাজলা এলাকায়। মোমিনুল ইসলামের বাড়ি নগরের খড়খড়ি এলাকায়, তাঁর বাবার নাম মনিরুল ইসলাম।
রবিউলকে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর ডান পাঁজরে দুটি ও পিঠে দুটি গুলি লেগেছে। গতকাল দুপুরে তাঁর শরীরের অস্ত্রোপচার করে চারটি গুলি অপসারণ করা হয়েছে। মোমিনুলকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর ডান পায়ে গুলি লেগেছে।
তাঁরা দুজন নগরের বোসপাড়া এলাকার বিকাশ এজেন্ট মেসার্স ওমর আলী এন্টারপ্রাইজের কর্মী। হাসপাতালে চিকিৎসাধীন মোমিনুল ইসলাম বলেন, তাঁরা টাকা নিয়ে জেলার চারঘাট উপজেলার একজন এজেন্টের কাছে যাচ্ছিলেন। তিনি দাবি করেছেন, তাঁদের টাকা খোয়া গেছে। তবে ব্যাগে কত টাকা ছিল, তিনি বলতে পারেননি। টাকার হিসাব রবিউল জানতেন। ওই সময় রবিউল কথা বলার মতো অবস্থায় ছিলেন না।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে নগরের মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক কুমার চৌহান প্রথম আলোকে বলেন, কাপাশিয়া এলাকা দিয়ে বেলা ১১টা ২০ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে মোমিনুল ইসলাম ও রবিউল ইসলাম পূর্ব দিকে যাচ্ছিলেন। তাঁদের পেছনে আরেকটি মোটরসাইকেলে তিন ব্যক্তি যাচ্ছিল। তাঁরা পালপাড়ার ঢালান ও বাবুর ঢালানের মাঝামাঝি এলাকায় পৌঁছালে পেছনের মোটরসাইকেল থেকে তাঁদের গুলি করা হয়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা রবিউল মোটরসাইকেলসহ রাস্তার ওপর পড়ে কাতরাতে থাকেন। মোমিনুল দৌড়ে সামনের দিকে পালাতে চেষ্টা করেন। তাঁর পেছনে দুই ছিনতাইকারীও দৌড়াতে থাকে। তাঁদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে আরও একজন এগোতে থাকে। এদিকে স্থানীয় লোকজন রবিউলকে উদ্ধার করে রাজশাহীগামী একটি বাসে তুলে দেন।
মোমিনুল ইসলাম দৌড়ে রাস্তার উত্তর পাশের জনৈক বকুলের বাড়ির ভেতরে ঢুকে পড়েন। ছিনতাইকারীরা বাড়ির ভেতরে ঢোকেনি। খবর পেয়ে বিকাশের লোকজন একটি প্রাইভেট কার নিয়ে গিয়ে মোমিনুলকে ওই বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
অশোক চৌহান বলেন, বাড়িওয়ালা বকুল তাঁকে জানিয়েছেন, টাকার ব্যাগটা মোমিনুলের কাছেই ছিল। প্রাইভেট কারে তুলে দেওয়ার সময় টাকার ব্যাগটাও মোমিনুলের সঙ্গেই ছিল।