মোটরসাইকেলের অদ্ভুত সব নম্বরপ্লেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেলের নম্বরপ্লেটের স্থানে কেউ লিখে রেখেছেন ‘জরুরি ডিশ’ (কেবল ব্যবসা)। আবার কেউ ‘বিদ্যুৎ’। কেউ ‘পুলিশ’, কেউ ‘গ্রাম পুলিশ’। আবার কেউ ‘সাংবাদিক’। ‘অন-টেস্ট’ লিখেছেন অসংখ্য ব্যক্তি। মোটরসাইকেলের বিক্রয়কেন্দ্রের নাম লেখা নম্বরপ্লেটের সংখ্যাও কম নয়। ঝিনাইদহের মোটরসাইকেলের চালকেরা এভাবে নিবন্ধন না করেই মাসের পর মাস ধরে চলাচল করছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঝিনাইদহ কার্যালয় জানায়, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় ২৩ হাজার মোটরসাইকেল নিবন্ধন করা হয়েছে। কিন্তু নিবন্ধনহীন মোটরসাইকেল রয়েছে এর দ্বিগুণ। এমন অনেক মোটরসাইকেল রয়েছে যেগুলো নিবন্ধন না করেই ব্যবহার অনুপযোগী হয়ে গেছে।
নিবন্ধন না নিয়ে মোটরসাইকেল চালানোর কারণ জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেছেন, তাঁরা মোটা অঙ্কের টাকা খরচ করে মোটরসাইকেল কেনেন। এরপর বিআরটিএতে মোটরসাইকেলের নিবন্ধন করাতে ১৯ থেকে ২৩ হাজার টাকা খরচ হয়। তারা সেই টাকাও খরচ করতে রাজি। কিন্তু ওই টাকা দেওয়ার পরও তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা ঘুষ দিতে হয়। এ ছাড়া, কাগজপত্রের ত্রুটির কথা বলে নানা রকমের হয়রানি তো আছেই। এসব কারণে তাঁরা নিবন্ধন করার আগ্রহ হারিয়ে ফেলেন।
মোটরসাইকেল চালকদের অভিযোগ অস্বীকার করে ঝিনাইদহ বিআরটিএর সহকারী পরিচালক শেখ সেলিম বক্স দাবি করেন, ‘এখন এক দিনেই নম্বর (নিবন্ধন) দিয়ে দেওয়া হয়। কোনো ঘুষ নেওয়া হয় না।’
শেখ সেলিম বক্স বলেন, নিবন্ধনহীন মোটরসাইকেল আটকের দায়িত্ব পুলিশের। এগুলো ঠিকমতো না ধরায় সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে।
এসব ব্যাপারে ঝিনাইদহ ট্রাফিক পুলিশের প্রধান পরিদর্শক সালাউদ্দিন আহম্মদ বলেন, তাঁরা মাঝেমধ্যেই অন-টেস্ট লেখা মোটরসাইকেলগুলো আটক করেন। এরপর অনেকে নিবন্ধন করে মোটরসাইকেলগুলো নিয়ে যান।