মোটরসাইকেলের ১১০ চালককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালানো এবং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ১১০জনের নামে মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়েছে। জরিমানার পরিমাণ ৯২ হাজার ২৫০ টাকা। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন। বিজ্ঞপ্তি

বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে মহানগরের আগারগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ​এ সময় ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালানো, লাইসেন্স ও হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালানো এবং একের অধিক আরোহী বহন করার অভিযোগে ৪৯ জন চালকের বিরুদ্ধে মামলা দিয়ে ৪৪ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মহানগরীর আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। সেখানেও একই ধরনের অভিযোগে ৩৭ জনকে ২৫ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়।

বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিবুর রহমানের নেতৃত্বে আরেক অভিযানে রমনা এলাকায় ২৪ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে ২৪টি মামলা দেওয়া হয় ও ২১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।