মোতাজ্জেরুলের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দিষ্ট সময়ে সম্পদের হিসাব না দেওয়ায় স্বাস্থ্য খাতের একসময়ের প্রভাবশালী ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে ‘নন সাবমিশন’ মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার রাজধানীর বনানী থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক।

গতকাল সোমবার ফাঁস হওয়া পানামা পেপারসে যেসব বাংলাদেশির নাম এসেছে তার মধ্যে মোতাজ্জেরুল ইসলামের নামও রয়েছে।
মোতাজ্জেরুল রাজধানীর শ্যামলীতে অবস্থিত ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এ ছাড়া তাঁর বেশ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ৫০ কোটি টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসার পর ২০১৩ সালে মোতাজ্জেরুল ইসলামকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করা হয়। কিন্তু নির্ধারিত সময়ে তিনি সম্পদ বিবরণী জমা দেননি কিংবা সময় বাড়ানোর আবেদনও করেননি। সে কারণে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
দুদক সূত্র জানায়, সম্পদের অনুসন্ধান করতে গিয়ে নানা অনিয়ম ও অবৈধ টেন্ডার বাণিজ্যের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার তথ্য পেয়েছে সংস্থাটি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের ছেলেকে ব্যবসায়িক অংশীদার হিসেবে রেখে মহাজোট সরকারের গত আমলে স্বাস্থ্য খাতের সব ধরনের টেন্ডার এককভাবে নিয়ন্ত্রণ করেছেন মোতাজ্জেরুল। ওই সময় সারা দেশের ১৮টি মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ হাসপাতালের বড় অঙ্কের অধিকাংশ ঠিকাদারি কাজই হাতিয়ে নেয় তার হাতে গড়ে তোলা প্রতিষ্ঠানগুলো। এসব দুর্নীতির তথ্য এখন দুদকের হাতে। সেসব বিষয়েও শিগগিরই মামলা হচ্ছে বলে সূত্র নিশ্চিত করেছে।