মোবাইল ট্র্যাক করে অপহৃত শিশু উদ্ধার, আটক-২
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকা থেকে পুলিশ আজ মঙ্গলবার ভোরে অপহৃত এক মেয়েশিশুকে উদ্ধার করেছে। শিশুটির বয়স আড়াই বছর। মুক্তিপণের জন্য তাকে চট্টগ্রাম থেকে অপহরণ করা হয়েছিল। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
শিশুটির নাম সুমাইয়া আকতার ওরফে তাহি। তাহি চট্টগ্রাম মহানগরের দক্ষিণ-মধ্যম হালিশহরের আবু সুলতানের মেয়ে।
পুলিশ জানায়, গতকাল সোমবার দুপুরে হালিশহরের বাসার সামনে খেলা করার সময় দুর্বৃত্তরা তাহিকে অপহরণ করে। এরপর মুক্তিপণ হিসেবে ১২ লাখ টাকা দাবি করে আসছে। তাহির বাবা আবু সুলতান বিষয়টি বন্দর থানার পুলিশকে জানান।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, অপহরণকারীদের মোবাইল ট্র্যাক করে আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে পুলিশ কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকার মনজুর আলমের বাড়ি থেকে তাহিকে উদ্ধার করে পুলিশ। অভিযানে বন্দর থানার পুলিশও ছিল। এ ঘটনায় পুলিশ বাড়ির মালিক মনজুর আলম ও তাঁর ভাইজি সুমি আকতারকে আটক করে।
পুলিশ জানায়, জাহেদ হোসেন নামে চট্টগ্রামের হালিশহরের এক ব্যক্তি মুক্তিপণের জন্য শিশুটিকে অপহরণ করে ঈদগাঁও নিয়ে আসেন এবং বান্ধবী সুমি আকতারের কাছে রাখে। উদ্ধার শিশুসহ আটক দুজনকে বন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।