মোবাইল সেটের জন্য কুপিয়ে হত্যা!
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক জেএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মাথালিয়া সোনাদিয়া বিল থেকে প্রান্ত সাহা (১৫) নামের ওই ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ।
এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রান্ত সাহার খালাতো ভাই শুভ সাহা (১৮) ও বন্ধু দীপঙ্কর ওরফে দীপ্ত সাহাকে (১৫) গ্রেপ্তার করেছে।
প্রান্ত টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হামিদপুর এলাকার উত্তম সাহার ছেলে। সে কালিয়াকৈরের চাপাইর বিবিএ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া দীপঙ্কর আজ শুক্রবার বিকেলে গাজীপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে ১৪৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে বলেছে, মুঠোফোনসেট ও চার্জার না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রান্তকে তারা খুন করে।
প্রান্তর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যান চালক উত্তম সাহা স্ত্রী-সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে কালিয়াকৈরের চাপাইর পালপাড়া এলাকার নিখিল সাহার বাড়িতে ভাড়া থাকছেন। বুধবার বিকেল সাড়ে ছয়টার দিকে প্রান্তর খালাতো ভাই শুভ সাহা মুঠোফোনে প্রান্তকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর সাহেববাজর বাইপাস বাসস্টেশনে মুঠোফোনসেট ও চার্জার দিয়ে যেতে বলেন। এরপর প্রান্ত বাড়ি থেকে বেড়িয়ে আর ফেরেনি। প্রান্তকে না পেয়ে তার বাবা উত্তম সাহা ওই দিন রাতে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার মাথালিয়া সোনাদিয়া বিলে মাছ ধরার সময় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে প্রান্তর স্বজনেরা সেখানে গিয়ে লাশটি শনাক্ত করেন। পুলিশ রাত সাড়ে ১১টার দিকে প্রান্তর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশের ঘাড়ে ও গলায় ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় উত্তম সাহা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রান্তর খালাতো ভাই উপজেলার শেওড়াতলী এলাকার মৃত সুবল সাহার ছেলে শুভ সাহা ও প্রান্তর বন্ধু একই এলাকার গৌতম সাহার ছেলে দীপঙ্কর ওরফে দীপ্ত সাহাকে গ্রেপ্তার করে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুজ্জামান বলেন, গ্রেপ্তার হওয়া দীপংকরকে আজ বিকেলে আদালতে নেওয়া হয়। আদালতে সে ১৪৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে জানিয়েছে, মুঠোফোনসেট ও চার্জার না দেওয়ায় প্রান্তর সঙ্গে তাদের প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা প্রান্তকে কুপিয়ে হত্যা করে।