মোবাইল হিসাব থেকে টাকা উধাও: আসামি কারাগারে
ডাচ-বাংলা, বিকাশ ও ইউ ক্যাশের পৃথক তিনটি মোবাইল হিসাব থেকে রফিকুল হক নামের এক ব্যক্তির ৮৭ হাজার টাকা তুলে নেওয়ার ঘটনার মামলায় এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর নাম মো. সাজিদুল্লাহ দস্তগীর (২২)।
সাজিদুল্লাহকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম। আসামিকে ২১ ফেব্রুয়ারি রিমান্ডে নেওয়ার আদেশ হলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বৃহস্পতিবার তাঁকে জেলহাজত থেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
রফিকুল হক (৩১) নামের এক ব্যক্তি গত ১৩ ফেব্রুয়ারি মতিঝিল থানায় সবুজ মিয়া নামের এক ব্যক্তির নাম উল্লেখ করে মামলা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, মতিঝিল এলাকায় ‘রাওয়াহ এন্টারপ্রাইজ’ নামের একটি স্টেশনারি দোকানের মালিক রফিকুল। গত বছরের নভেম্বর মাসে শান্তিনগর এলাকার সবুজ মিয়া নামের এক দোকানির কাছ থেকে গ্রামীণ ফোনের দুটি সিম কেনেন তিনি। ওই দুটি সিম নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রও তাঁর (সবুজ) কাছে জমা দেন। পরে ওই দুটি সিমের একটি নম্বর দিয়ে ডাচ-বাংলা, ইউক্যাশ ও বিকাশে হিসাব খোলেন। কিন্তু গত ৩১ জানুয়ারি তিনি বুঝতে পারেন, ওই তিনটি হিসাবে থাকা ৮৭ হাজার ৪৩৭ টাকা প্রতারকেরা তুলে নিয়েছেন। পরে গ্রামীণ ফোন কোম্পানির মতিঝিল শাখায় কাস্টমার সেন্টার জানায়, রফিকুলের নামে ওই দুটি সিম নিবন্ধিত হয়নি। এরপর রফিকুল সিম বিক্রেতা সবুজের কাছে এর কারণ জানতে চাইলে সবুজ তাকে বলেন, তাঁর কাজ সিম বিক্রি করা। এ নিয়ে বাড়াবাড়ি করলে তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক মো. খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘তিনটি হিসাব নম্বর থেকে টাকা তুলে নেওয়ার ঘটনার রহস্য উদঘাটনের জন্য সাজিদুল্লাহ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করি। টাকা তুলে নেওয়ার এই চক্রের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছি।’
মামলার বাদী রফিকুল হক প্রথম আলোকে বলেন, ‘টাকা তুলে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িত জালিয়াত চক্র ধরা পড়েনি। আমি এর বিচার চাই।’