মোরেলগঞ্জে আ.লীগ নেতা ও নড়িয়ায় মাদ্রাসাছাত্র খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় গত বুধবার রাতে মোজাম্মেল হোসেন ওরফে মোজাম সিকদার নামের আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার শরীয়তপুরের নড়িয়ায় জিহাদ নামের এক মাদ্রাসাছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত শাজাহান শেখ গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বাগেরহাট: বুধবার রাতে মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেনকে (৫০) জিউধরা গ্রামে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গতকাল সকালে কাদের তালুকদার, মৃধা রেজাউল করিম ও শাহজাহান মৃধা নামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত মোজাম্মেলের বড় ছেলে হাসান সিকদার বলেন, জমিজমা নিয়ে তাঁর বাবার সঙ্গে প্রতিবেশী শাহজাহান, রেজাউলসহ বেশ কয়েকজনের বিরোধ চলছিল। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁকে কুপিয়ে হত্যা করেছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম খান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শরীয়তপুর: নড়িয়া উপজেলার ইউনূছিয়া কেরাতুল কোরান হাফেজিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র জিহাদকে (৮) বুধবার দুপুরে মাদ্রাসা থেকে অপহরণ করা হয়। জিহাদ নড়িয়ার শুভ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। গতকাল দুপুরে গোসাইরহাট উপজেলা সদরের জয়ন্তিয়া নদীর ঋষিবাড়ী ঘাট থেকে জিহাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, জাহাঙ্গীর আলমের মেয়ে বিথি আক্তারের সঙ্গে একই উপজেলার মোক্তারেরচর মৃধাকান্দি গ্রামের রুহুল আমিনের ২০১১ সালে বিয়ে হয়। এর আগে রুহুল আরও দুটি বিয়ে করেছিলেন। বিষয়টি জানতে পেরে বিথি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রুহুলকে তালাক দিয়ে বাবার বাড়ি চলে আসেন। এর পর থেকে বিথির পরিবারকে নানাভাবে হুমকি দিতে থাকেন রুহুল। বুধবার টিফিনের সময় মাদ্রাসা থেকে জিহাদকে অপহরণ করে রুহুল আমিন।
গোয়ালন্দ (রাজবাড়ী): ফরিদপুরের ভাঙ্গার গঙ্গাধরদী গ্রামে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহর সমর্থক আবুল বাশারের সঙ্গে স্বতন্ত্র সাংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থক শাজাহান শেখের (৫৫) পক্ষের হাতাহাতি হয়। পরদিন সকালে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত শাজাহান শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।