মোরেলগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাবুল শেখকে (৪২) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে বাবুলের ছেলে রাহাত শেখ (২৪) ও ছোট ভাই রিপন শেখ (৩৮) গুরুতর জখম হন।
গতকাল রোববার সকালে হোগলাপাশার বোলপুর গ্রামে বাবুল শেখের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল ও আহত দুজন ২০১২ সালে বৈলপুর গ্রামের স্কুলশিক্ষক গোলাম রসুল হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম খান জানান, গতকাল সকাল ১০টার দিকে বৈলপুর গ্রামের সবুজ শেখ ও মানছুর শেখের নেতৃত্বে আট-দশজন ব্যক্তি বাড়ির সামনে গিয়ে বাবুল, তাঁর ছেলে ও ছোট ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। স্থানীয় ব্যক্তিরা তিনজনকে উদ্ধার করে পিরোজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ওসি জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মানছুর শেখের সঙ্গে বাবুলের পূর্ববিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পিরোজপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক ননী গোপাল রায় বলেন, আহত ব্যক্তিদের হাত, পা ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে। এর মধ্যে বাবুল শেখের দুই পা ক্ষতবিক্ষত হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গতকাল বিকেল চারটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবুলের মৃত্যু হয় বলে হোগলাপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইলিয়াস শেখ জানিয়েছেন।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, বাবুল, সবুজ ও মানছুর যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তঁারা একসঙ্গে চলাফেরা করতেন। কিছুদিন আগে আধিপত্য বিস্তারসহ বিভিন্ন ঘটনায় তঁাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁদের বিরোধ চরমে পেঁৗছালে গতকালের হামলার ঘটনা ঘটে। তবে এসব নিয়ে প্রকাশ্যে কেউ কোনো কথা বলতে চাইছেন না।
সবুজ ও মানছুর শেখ পলাতক থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।