মোল্লাহাটে বাড়ির পাশ থেকে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আকিবুর শেখ (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার কুলিয়া ইউনিয়নের মাদারতলী গ্রামে বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
আকিবুরের মা মুর্শিদা বেগমকে উদ্ধৃত করে মোল্লাহাট থানার উপপরিদর্শক তুহিন মণ্ডল বলেন, আকিবুরের বাবা সেলিম শেখ কাঠ ব্যবসায়ী। ব্যবসার কারণে তিনি খুলনায় ছিলেন। পরিবারে মুঠোফোন না থাকায় শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে মুর্শিদা বেগম স্বামীর সঙ্গে কথা বলতে বড় ছেলে রফিকুল ইসলামকে নিয়ে বাড়ির কাছে একটি মুঠোফোনের দোকানে যান। যাওয়ার সময় ছোট ছেলে আকিবুরকে নানি আকলিমা বেগমের কাছে রেখে যান। মুর্শিদা কিছুক্ষণ পর বাড়ি ফিরে তাঁর মাকে ঘুমন্ত দেখতে পান। আকিবুর কোথায় তা জানতে চাইলে আকলিমা বলেন, তিনি কিছু জানেন না। পরে তিনি প্রতিবেশীদের নিয়ে আশপাশে খোঁজ করে গভীর রাতে এক প্রতিবেশীর বাগানে আকিবুরের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তাঁরা গ্রামবাসীর সহযোগিতায় লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। সকালে পুলিশে খবর দেওয়া হয়। দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্ল্যা বলেন, শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি বেশ রহস্যজনক। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।