মোহনগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গত সোমবার বিভিন্ন স্থানে ওই সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে সাইদুল মিয়া (৩৫), হৃদয় মিয়া (২৩) আবদুল হান্নান (৫৮), হারুন অর রশিদ (৩৮) আবদুল মজিদকে (৪০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া রকি মিয়া (২৭), হীরা মিয়া (৩৮), জহিরুল ইসলাম (৪৫), ইদ্রিস আলীকে (৩৫) মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে ময়মনসিংহগামী ২৬২ নম্বর লোকাল ট্রেনে ওঠার সময় একজনের শরীরের সঙ্গে অপরজনের পা লাগাকে কেন্দ্র করে উপজেলার নওহাল গ্রামের রকি মিয়ার সঙ্গে পাশের বিরামপুর গ্রামের পিয়াস মিয়ার ঝগড়া হয়। এরই জের ধরে বেলা আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যস্ত মোহনগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনের সড়ক, মোহনগঞ্জ বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশন এলাকায় নওহাল ও বিরামপুর গ্রামবাসীর মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে । এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, পরিস্থিতি সামাল দিতে শটগানের ৬৫টি রাবার বুলেট ছোড়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।