মোহনগঞ্জে ভিজিএফের চাল পায়নি সহস্রাধিক পরিবার
ভিজিএফের চাল না পাওয়ায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তালিকাভুক্ত এক হাজার ২৪৬টি দুস্থ পরিবার এখনো তারা পায়নি। এতে তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
বড়তলী বানিহারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুল আলম খান দুস্থদের জন্য বরাদ্দ করা ভিজিএফের ২৪৯ বস্তা চালের মধ্যে ১০৯ বস্তা চাল আত্মসাৎ করে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আর বাকি ১৪০ বস্তা চাল চেয়ারম্যানের বাড়ির গোয়ালঘর ও বৈঠকখানা থেকে ৫ অক্টোবর জব্দ করে প্রশাসন।
এ কারণে ঈদের আগে বিতরণের জন্য বরাদ্দ ওই চাল ইউনিয়নের ভিজিএফের তালিকাভুক্ত ব্যক্তিরা গতকাল রোববার পর্যন্ত পাননি। এ পরিপ্রেক্ষিতে ওই দুস্থ পরিবারগুলোর চাল পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বড়তলী বানিহারী ইউনিয়নের এক হাজার ২৪৬ জন দুস্থ পরিবারের জন্য ১২ টন ৪৬০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। ঈদুল আজহার আগেই এ চাল বিতরণ করার কথা ছিল। ইউপি চেয়ারম্যান ভিজিএফের ২৪৯ বস্তা চাল ৪ অক্টোবর মোহনগঞ্জ খাদ্যগুদাম থেকে তুলে তা দুস্থদের মধ্যে বিতরণ না করে নিজ বাড়ির বৈঠকখানা ও গোয়ালঘরে রেখে দেন। ওই চাল কালোবাজারে বিক্রি হচ্ছে খবর পেয়ে ৫ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলিশ নিয়ে সেখানে অভিযান চালান। পরে ইউএনওর উপস্থিতিতে চেয়ারম্যানের গোয়ালঘর ও বৈঠকখানা থেকে ১৪০ বস্তা চাল জব্দ করে পুলিশ। বিষয়টি টের পেয়ে চেয়ারম্যান দ্রুত সেখান থেকে সটকে পড়েন।
পিআইও আরিফুর রহমান বলেন, ‘ভিজিএফের ২৪৯ বস্তা চালের মধ্যে ১০৯ বস্তা চালের কোনো হদিস পাওয়া যায়নি। এ অবস্থায় চাল আত্মসাতের ঘটনায় মাহবুবুল আলম খানকে আসামি করে ৮ অক্টোবর থানায় মামলা করেছি।’ এ ব্যাপারে কথা বলার জন্য ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম খানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
মোহনগঞ্জ থানার ওসি মো. রমিজুল হক বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মামলাটি দুর্নীতি দমন কমিশনের দুদক বিষয়টি তদন্ত করছে। জব্দ করা ১৪০ বস্তা চাল পুলিশের হেফাজতে রয়েছে। ইউএনও মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত জব্দ করা চাল বিতরণের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।