সোনা চোরাচালান: জবানবন্দিতে নাম আসা একজনকে গ্রেপ্তার
মোহাম্মদ আলীর জবানবন্দিতে আ.লীগ নেতাসহ আটজনের নাম
সিলেটের এক ব্যবসায়ীর মাধ্যমে মুদ্রা কেনাবেচায় নেমেছিলেন মোহাম্মদ আলী (৬৩)। পরে জড়িয়ে পড়েন হুন্ডি ও সোনা চোরাচালানের সঙ্গে। একপর্যায়ে হয়ে ওঠেন সোনা চোরাচালানের অন্যতম ‘গডফাদার’। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি এসব তথ্য দিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি বলেছে, জবানবন্দিতে মোহাম্মদ আলী সোনা চোরাচালানের সঙ্গে জড়িত আরও আটজনের নাম বলেছেন। তাঁদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জের আওয়ামী লীগের এক নেতা। ৩ জানুয়ারি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মোহাম্মদ আলী। জবানবন্দি শেষে তাঁকে কারাগারে পাঠান আদালত।
শুল্ক গোয়েন্দারা গত ২৫ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে মোহাম্মদ আলীর দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রায় ৮ কোটি ৫৬ লাখ টাকা এবং ৬১ কেজি ৫০০ গ্রাম সোনাসহ তাঁকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় করা মামলার তদন্ত করছে ডিবি। মোহাম্মদ আলীকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. মাহফুজুল ইসলাম প্রথম আলোকে বলেন, মোহাম্মদ আলী সোনা চোরাচালানের ‘গডফাদার’ বা মহাজন। তাঁকে জিজ্ঞাসাবাদে পরিষ্কার হওয়া গেছে, সোনা চোরাচালান করেই তিনি বিত্তবান হয়েছেন। জিজ্ঞাসাবাদে ও জবানবন্দিতে মোহাম্মদ আলী সোনা চোরাচালানের সঙ্গে জড়িত সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজউদ্দিনসহ আটজনের নাম বলেছেন। তাঁদেরও আইনের আওতায় আনা হবে।
মোহাম্মদ আলীর ফ্ল্যাট থেকে সোনা ও টাকা উদ্ধারের ঘটনায় বিমানবন্দর থানায় করা মামলার এজাহারেও রিয়াজউদ্দিনের নাম রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে রিয়াজউদ্দিনের মুঠোফোন নম্বর সংগ্রহ করে ১৬ জানুয়ারি যোগাযোগ করা হলে অপর প্রান্তে তাঁর বন্ধু পরিচয়ে রফিক নামের একজন ফোন ধরেন। তিনি বলেন, চেয়ারম্যান রিয়াজ সিরাজগঞ্জের সীমান্ত বাজারে আছেন। তাঁর সঙ্গে কথা বলতে হলে ঘণ্টা খানেক পর ফোন করতে হবে। পরদিন সন্ধ্যায় ফোন করলে ওই নম্বর বন্ধ পাওয়া যায়।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আলী বলেছেন, তিনি সোনা চোরাচালানে টাকা বিনিয়োগ করতেন। মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া থেকে আনা সোনা বিমানবন্দর হয়ে তাঁর কাছে আসত। সোনার বারগুলো তিনি বাসায় রাখতেন। এর কিছু তিনি নিজের লোক দিয়ে পুরান ঢাকার তাঁতীবাজারে সোনা চোরাচালান চক্রের কাছে বিক্রি করতেন। এ ছাড়া তাঁর লোকজন সীমান্তে গিয়েও ভারতীয় চোরাচালানিদের কাছে সোনা বিক্রি করতেন। যে আটজনের নাম তিনি বলেছেন, তাঁরাও তাঁর কাছ থেকে সোনা কিনে তাঁতীবাজারে চোরাচালানিদের কাছে বিক্রি করতেন। রিয়াজ ছাড়া ওই আটজনের মধ্যে রয়েছেন ঢাকার মুন্না, আবু, নজরুল ইসলাম ওরফে লিটন, মানিক, সিলেটের মজিবর রহমান। তাঁতীবাজারের সোনা চোরাচালানিরা প্রতি ভরিতে পাঁচ হাজার টাকা লাভে ভারতে পাচার করেন। মূলত বেনাপোল, সোনামসজিদ, আখাউড়া ও হিলি সীমান্ত দিয়ে সোনা ভারতে পাচার হয়।
ডিবি জানায়, মোহাম্মদ আলীর জবানবন্দিতে নাম আসা মজিবরকে গত শনিবার উত্তরা থেকে গ্রেপ্তার করে রোববার চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ডিবির কর্মকর্তারা জানান, সোনা চোরাচালানের ঘটনায় এ পর্যন্ত আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সোনা চোরাচালানে দেশি-বিদেশি ৪০টি চক্র জড়িত। এসব চক্রের কয়েকজন বর্তমানে কারাগারে আছেন।
মোহাম্মদ আলীর ফ্ল্যাটে অভিযান পরিচালনাকারী শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, পাসপোর্টে দেখা যায়, মোহাম্মদ আলী দুবাই গিয়েছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি শুল্ক গোয়েন্দাদের বলেছেন, দুবাই থেকে সোনা পাঠানোর বিষয়ে সেখানে অবস্থানরত চোরাচালানিদের সঙ্গে কথা বলতে তিনি গিয়েছিলেন।
প্রথম আলোর অনুসন্ধানে জানা যায়, মোহাম্মদ আলীর পৈতৃক বাড়ি যশোরে। বাবার নাম এস কে শের আলী। মোহাম্মদ আলী পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছেন। ১২ বছর বয়সে বাবার সঙ্গে ঢাকায় এসে ফেরি করে শার্ট-প্যান্ট বিক্রি শুরু করেন। পরে তাঁরা সিলেটেও শার্ট-প্যান্ট বিক্রি করতেন। ১৯৮৬ সালে তিনি সিলেটে বিয়ে করেন। সেখানে ব্রিটিশ পাউন্ড কেনাবেচায় জড়িত একজনের কাছে মুদ্রা বেচাকেনা শেখেন। পরে মোহাম্মদ আলী রাজধানীতে এসে মতিঝিলে বিদেশি মুদ্রা কেনাবেচা শুরু করেন। এখন তাঁতীবাজারে স্পিড মানি এক্সচেঞ্জ ও ধানমন্ডির সাতমসজিদ রোডে আলী সুইটস নামে মিষ্টির দোকান আছে তাঁর।
পুরানা পল্টনের বহুতল আবাসিক ভবন ‘ঠিকানা’য় গেলে নিরাপত্তাকর্মী ও তত্ত্বাবধানকারী প্রথম আলোকে বলেন, মোহাম্মদ আলী ১৯৯৯ সালের দিকে এই ভবনে ৬ ও ১১ তলায় একটি করে ফ্ল্যাট কেনেন। অভিযানের পর তাঁর বড় ছেলে ফ্ল্যাট ছেড়ে অন্যত্র চলে গেছেন। তাঁর আরেক ছেলে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেন। মোহাম্মদ আলীর স্ত্রীর সঙ্গে কথা বলতে চাইলে ভবনের কর্মীরা বলেন, ‘ম্যাডাম বাসায় নেই।’
স্পিড মানি এক্সচেঞ্জে গেলে কর্মচারী শওকত আলী ও প্রিয় লাল জানান, মালিক মোহাম্মদ আলী কম আসেন, তাঁরাই মানি এক্সচেঞ্জ চালান। মালিকের মিষ্টির দোকানও আছে।