মোহাম্মদপুর কৃষিবাজারে অবৈধ দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিএনসিসির অনুমোদিত দোকানের বাইরে বাজারের খালি জায়গায় এসব অবৈধ দোকান তোলা হয়েছে l প্রথম আলো
ডিএনসিসির অনুমোদিত দোকানের বাইরে বাজারের খালি জায়গায় এসব অবৈধ দোকান তোলা হয়েছে l প্রথম আলো

মোহাম্মদপুরের সরকারি কৃষিপণ্যের পাইকারি বাজারে অবৈধ দোকানপাট গড়ে তুলেছেন বাজারের কিছু ব্যবসায়ী ও স্থানীয় প্রভাবশালীরা। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অনুমতি ছাড়া গড়ে তোলা এসব দোকান থেকে মাসে কয়েক লাখ টাকা ভাড়া আদায় করছেন তাঁরা।
ডিএনসিসি সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে ১৪২টি দোকান নিয়ে মোহাম্মদপুর সরকারি কৃষিপণ্যের পাইকারি বাজার চালু হয়। পরে সিটি করপোরেশন আরও ১০টি দোকান বানায়। সে হিসেবে সিটি করপোরেশন অনুমোদিত মোট দোকান ১৫২টি। কিন্তু বর্তমানে এসব দোকান ছাড়াও অর্ধশতাধিক অবৈধ দোকান তৈরি করা হয়েছে।
গত বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, ডিএনসিসির অনুমোদিত দোকানের বাইরে বাজারের খালি জায়গায় এসব অবৈধ দোকান তোলা হয়েছে। টিন-বাঁশ দিয়ে এসব দোকান বানানো হয়েছে। এর মধ্যে আছে মুদিদোকান, মুরগি বিক্রির দোকান, খুচরা চাল-ডাল বিক্রির দোকান। বাজারের প্রতিটি গলিতেই এমন অবৈধ দোকান আছে।
বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, অবৈধভাবে গড়ে ওঠা প্রতিটি দোকানের জন্য ৫ থেকে ১২ লাখ টাকা আগাম নেওয়া হয়েছে। এ ছাড়া দোকানপ্রতি মাসিক ৬ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হয়। এভাবে প্রতি মাসে ভাড়া বাবদ আদায় হচ্ছে কয়েক লাখ টাকা।
ব্যবসায়ী সমিতির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অনেক বছর ধরেই এসব অবৈধ দোকান সরাতে সিটি করপোরেশনকে চিঠি দিচ্ছি। বাজারেরই কিছু ব্যবসায়ী ও এলাকার প্রভাবশালীরা মিলে টিন-বাঁশ দিয়ে দোকান বানিয়ে ভাড়া তুলছেন। সিটি করপোরেশনের কোনো লাভ হচ্ছে না।’
ডিএনসিসির রাজস্ব বিভাগ সূত্রে জানা যায়, মোহাম্মদপুর সরকারি কৃষিপণ্যের পাইকারি বাজারের ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি দোকানের ভাড়া বাড়ানো হলে বৈধ দোকান মালিকেরা আদালতের দ্বারস্থ হন। এসব দোকানগুলোর প্রায় ২৩ মাসের ভাড়া বকেয়া পড়েছিল। পরে আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত বছরের নভেম্বর থেকে বৈধ দোকানের বকেয়া ভাড়া আদায় শুরু করেছে ডিএনসিসি।
বাজারটি ডিএনসিসির ২৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাজারটি করা হয়েছিল পাইকারি পণ্যের জন্য। কিছু দখলদার খুচরা দোকান বসিয়েছেন। এসব দোকান সিটি করপোরেশনকে কোনো ভাড়া দেয় না। অথচ এসব দোকান থেকে মাসে আট থেকে নয় লাখ টাকা ভাড়া উঠাচ্ছেন অবৈধ দখলদারেরা।
ডিএনসিসির সম্পত্তি বিভাগের পক্ষ থেকে সম্প্রতি এই বাজারের অবৈধ দোকানের সংখ্যা বের করতে জরিপ করা হয়। তাতে ৪৩টি অবৈধ দোকান পাওয়া গেছে বলে সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে। এ বিষয়ে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দোকান মালিক সমিতির কিছু লোকজন ও স্থানীয় কিছু প্রভাবশালী মিলে এসব অবৈধ দোকান চালাচ্ছেন। আগেও এসব উচ্ছেদ করা হয়েছিল। যেকোনো দিন এসব অবৈধ স্থাপনা স্থায়ীভাবে উচ্ছেদ করা হবে।’