মোহাম্মদপুরে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ
রাজধানীর রায়েরবাজারে প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে নাচার সময় এক নারীর গায়ের ওপর পড়াকে কেন্দ্র করে ১৫ বছরের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত কিশোরের নাম শাকিল খান। গত শনিবার গভীর রাতে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে মোহাম্মদপুর থানার পুলিশ।
স্বজনেরা জানান, গত বৃহস্পতিবার এক প্রতিবেশীর বিয়ের গায়েহলুদের অনুষ্ঠানে গানের তালে নাচার সময় মধ্যবয়সী এক নারীর গায়ের ওপর পড়ে যায় শাকিল। বিয়েবাড়িতে উপস্থিত ওই নারীর স্বজনেরা বিষয়টিকে ‘ইচ্ছাকৃত’ পড়ে যাওয়া বলে অভিযোগ করেন এবং শাকিলকে মারধর করেন। এরপর গত শুক্রবার শাকিলকে বাসা থেকে ডেকে নিয়ে আরেক দফা বেধড়ক মারধর করেন ওই নারীর আত্মীয়রা। এতে গুরুতর আহত হয় শাকিল। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) কমল সাহা প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহতের বাবা রফিক খান মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেছেন। মামলায় শাকিলকে পিটিয়ে হত্যার অভিযোগ আনা হয়। এ ঘটনায় আছিয়া বেগম, কামাল হোসেন ও আকাশ নামের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।