মোহাম্মদপুরে কিশোরীকে গণধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই কিশোরী একটি পোশাক কারখানার কর্মী। গত শনিবার বিকেলে সে তার বন্ধুর সঙ্গে একতা হাউজিং এলাকায় বেড়াতে গেলে পাঁচজন বখাটে তাকে ধর্ষণ করে বলে সে অভিযোগ করেছে। চিকিৎসার জন্য গতকাল সোমবার দুপুরে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে। মামলায় মো. রাকিব নামের এক বখাটেকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
হাসপাতালে গতকাল ওই কিশোরী জানায়, সে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় পরিবারের সঙ্গে থাকে। শনিবার বিকেলে তার এক বন্ধুকে নিয়ে একতা হাউজিং এলাকায় বেড়াতে যায়। ফেরার পথে ৮ থেকে ১০ জন বখাটে তাদের পথ আটকায়। এ সময় বখাটেদের কয়েকজন তার বন্ধুকে মারধর করে আটকে রাখে। তাকে পাঁচ বখাটে পাশের একটি কাশবনে নিয়ে যায়। সেখানে তারা ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই কিশোরী তার বন্ধুর সঙ্গে বাসায় ফেরে।
কিশোরীর বন্ধু বলেন, স্থানীয়দের মাধ্যমে খোঁজখবর নিয়ে তাঁরা জড়িত পাঁচ বখাটের নাম পায়। তবে বিস্তারিত পরিচয় জানতে পারেননি। বন্ধুর অভিযোগ, ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিরা হলেন মো. রাকিব, মো. ইউনুস, মো. বিল্লাল, মো. কবির ও মো. শাহিন। তাঁদের সবার বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।
পরদিন রোববার ওই কিশোরী মামলা করতে তার বাবা-মায়ের সঙ্গে থানায় যায়। মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, কিশোরীর মা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন চারজনকে আসামি করা হয়েছে। ওই দিনই রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। রাকিবের বিস্তারিত পরিচয় জানতে চাইলে তিনি তদন্তের স্বার্থে তা প্রকাশে অপারগতা প্রকাশ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক (অভিযান) আফজাল হোসাইন বলেন, গ্রেপ্তার রাকিবকে দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।