মোহাম্মদপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের সি ব্লকের ৭ নম্বর সড়কের একটি বাসা থেকে গতকাল রোববার সকালে খাদিজা আক্তার (১৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, খাদিজার স্বামী শুভ তাঁকে নির্যাতন করে হত্যা করেছেন।
পুলিশ জানিয়েছে, নিহত খাদিজার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত স্বামী শুভকে আটক করেছে র্যাব।
খাদিজার বাবা মোসলেহউদ্দিন জানান, পরিবার নিয়ে তিনি মোহাম্মদপুরের বিজলি মহল্লায় থাকেন। গত মাসে বাসা থেকে পালিয়ে শুভকে বিয়ে করেন খাদিজা। তাঁরা ঢাকা উদ্যানে থাকা শুরু করেন। গতকাল খাদিজার এক বান্ধবীর মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর পান তিনি। মোসলেহউদ্দিনের দাবি, শুভই খাদিজাকে হত্যা করেছেন।
মোহাম্মদপুর থানার এসআই মো. বুলবুল জানান, খাদিজার মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। গতকাল রাত পর্যন্ত শুভ র্যাব হেফাজতেই ছিলেন।
গলাকাটা লাশ উদ্ধার: রাজধানীর ফার্মগেটের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে গতকাল রাতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর। তাঁর পরিচয় রাত ১২টা পর্যন্ত জানা যায়নি।
তিনি কীভাবে, কেন, কী পরিচয়ে ওই হোটেলে উঠেছিলেন, এসব খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।