মোহাম্মদপুরে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে ছুরিকাঘাতে আহত কিশোর আকিব হোসেন (১৭) গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত শুক্রবার গভীর রাতে আকিব তারই বন্ধু রুবেলের আক্রমণে ছুরিকাহত হয় বলে অভিযোগ করেছে তার পরিবার।
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, বন্ধুদের দুটি পক্ষের মধ্যে বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আকিবের বাবা জামাল উদ্দিন ভূঁইয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, বটতলার পুলপাড় এলাকায় তাঁর ইলেকট্রনিকস সামগ্রীর দোকান রয়েছে। আকিব সেই দোকানের দেখভাল করত। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দোকানের শাটার নামিয়ে আকিব ভেতরে অবস্থান করছিল। তার বন্ধু রুবেল দোকানের বাইরে থেকে ডাক দিলে আকিব দোকান খোলে। এর পরপরই রুবেল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।