মোহাম্মদপুরে তরুণের অস্বাভাবিক মৃত্যু
মোহাম্মদপুরের কাঁটাসুর এলাকায় আজিজুল হক (১৮) নামের এক তরুণের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর দুই হাত নাইলনের রশি দিয়ে বাঁধা ছিল।
পুলিশ বলছে, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
কাঁটাসুরের শেরেবাংলা রোডের একটি টিনের বাড়িতে মা রোজিনা বেগমের সঙ্গে থাকতেন আজিজুল হক। শুক্রবার দুপুরে পাশের বাসার এক শিশু আজিজুলকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার চিৎকারে অন্যরা এসে লাশ নিচে নামায়। দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় মোহাম্মদপুর থানা-পুলিশ। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজীব মিয়া বলেন, আজিজুলের দুই হাত নাইলনের রশি দিয়ে বাঁধা ও গলায় গামছা প্যাঁচানো ছিল। হাত বাঁধা থাকায় এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ হচ্ছে। তবে পরিবারের কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। তারপরও ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আজিজুলের মা রোজিনা বেগম বলেন, তাঁর কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এ ব্যাপারে তিনি মামলাও করতে চান না।
রোজিনা বেগম বাংলাদেশ মেডিকেল কলেজের পরিচ্ছন্নতাকর্মী। তাঁর দুই ছেলের মধ্যে আজিজুল ছোট।