মোহাম্মদপুরে মাঠ দখল করে মেলা-হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদপুরে সল্লিমুল্লাহ মাঠে প্রতি বুধবার বসে সাপ্তাহিক মেলা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
মোহাম্মদপুরে সল্লিমুল্লাহ মাঠে প্রতি বুধবার বসে সাপ্তাহিক মেলা। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

মোহাম্মদপুরে উত্তর সিটি করপোরেশনের দুটি খেলার মাঠ দখল করে প্রতি সপ্তাহে মেলা ও হাট বসছে। বছর খানেক ধরে চলে আসা এই মেলা ও হাট সিটি করপোরেশন অনুমোদিত নয়। মাঠগুলোয় নিয়মিত হাট ও মেলার আয়োজন সম্পর্কে করপোরেশন জানে না।

মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের পানির ট্যাংক মাঠে প্রতি বুধবার সাপ্তাহিক মেলা বসে। জাকির হোসেন রোড খেলার মাঠে প্রতি সোমবার সাপ্তাহিক মেলা এবং শুক্রবার কবুতরের হাট বসে। মেলা-হাট চলে সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত।

গতকাল বুধবার গিয়ে দেখা যায়, সলিমুল্লাহ রোডের পানির ট্যাংক মাঠে জমজমাট মেলা বসেছে। ছোটদের জামাকাপড়, শাড়ি, জুতা, হাঁড়ি-পাতিল, গয়না, প্রসাধনীর দোকানসহ প্রায় ৮০ থেকে ৯০টি অস্থায়ী দোকান। দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, আকারভেদে দোকানের এক দিনের ভাড়া ১০০ থেকে ৩০০ টাকা।

নাম প্রকাশ না করার শর্তে এক দোকানমালিক বলেন, ১০ মাস ধরে এই মাঠে সপ্তাহে এক দিন দোকান নিয়ে বসছেন। তাঁর দোকানভাড়া দিনে ১০০ টাকা। মেলার দিন বিকেলে এসে লাইনম্যান টাকা নিয়ে যান। কয়েকজন দোকানমালিক বললেন, এই মেলার ব্যবস্থাপনায় আছে শহীদ সলিমুল্লাহ ক্রীড়া সমাজকল্যাণ সংগঠন। তবে সলিমুল্লাহ ক্রীড়া সমাজকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক শাহীনূর রহমান বলেন, তাঁরা মেলার আয়োজক নন। মেলার দোকানিরা একটি কমিটি করে মেলা চালান। সেই কমিটি থেকে মাস শেষে তাঁরা কিছু টাকা পান। সেই টাকা মাঠের কাজে ব্যয় হয়।

করপোরেশনের তহবিলের বদলে ক্রীড়া সংগঠনে কেন টাকা দেওয়া হচ্ছে, জানতে চাইলে শাহীনূর বলেন, ‘মাঠের উন্নয়নে সিটি করপোরেশন কোনো খরচ দেয় না। ক্লাবই সব করে।’ টাকার অঙ্ক জানাতে রাজি হননি তিনি। মেলা থেকে টাকা উত্তোলনকারীদের একজন মো. শামীম বলেন, তাঁরা একটি কমিটি গঠন করে ভাড়া নির্ধারণ করেন এবং টাকা তোলেন। ৫০-৬০ টাকার বেশি ভাড়া নেওয়া হয় না। তাঁর কথায়, ‘অনেক জায়গায় টাকা দিতে হয়। সব দেওয়ার পর পকেট খরচ ছাড়া কিছু থাকে না।’

জাকির হোসেন রোড খেলার মাঠে গিয়ে এলাকার কয়েকজন কিশোর-তরুণের সঙ্গে কথা হয়। তারা জানায়, খেলার মাঠটি সোমবার মেলা আর শুক্রবার কবুতরের হাটের দখলে থাকায় সেই দুই দিন তাদের খেলা বন্ধ রাখতে হয়। মেলার সময় বাঁশের খুঁটি পোঁতা হয় বলে মাঠটি আর সমতল নেই।

মাঠ দুটি উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড এলাকায়। ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলাম দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি। খেলার মাঠে মেলার অনুমতি প্রসঙ্গে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, ‘থানা থেকে অনুমতি দেওয়া হয় না, সম্মতি দেওয়া হয়।’ শুধু জাকির হোসেন রোড খেলার মাঠের মেলার জন্য তাঁরা সম্মতি দিয়েছিলেন।

ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) এস এম অজিয়র রহমান বলেন, খেলার মাঠে মেলা বা হাট বসানোর কোনো অনুমতি তাঁরা দেননি। খেলার মাঠকে সেভাবে ব্যবহারের সুযোগও নেই। মাঠ দুটি অবৈধ দখলের ব্যাপারে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।