মৌখিক পরীক্ষার টেবিলে টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কলেজের দর্শন বিভাগের মাস্টার্সের মৌখিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ জন্য তাঁদের দাপ্তরিক কোনো রসিদ দেওয়া হচ্ছে না। আবার টাকা না দেওয়া হলে তাঁদের পরীক্ষায় অংশগ্রহণ করতেও দেওয়া হচ্ছে না।

কলেজ থেকে জানা গেছে, রাজশাহী কলেজের দর্শন বিভাগের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা প্রায় চার মাস আগে শেষ হয়েছে। শিক্ষার্থীরা ইতিমধ্যে ছাত্রাবাসের সিট ছেড়ে দিয়ে চলে গেছেন। তাঁরা বেশির ভাগই আর শহরে থাকেন না। গতকাল মঙ্গলবার থেকে তাঁদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। আজ বুধবার পর্যন্ত এই পরীক্ষা চলবে। এই দুই দিনে বিভাগের ৩৫১ জন শিক্ষার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার বোর্ডে বহিরাগত (এক্সটার্নাল) পরীক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিকুল আলম, সহযোগী অধ্যাপক এনায়েত হোসেন ও পাবনা এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ বজলুর রহমান।

গতকাল সকাল সাড়ে নয়টা থেকে এই মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। কলেজের ফুলার ভবনে ছেলে ও মেয়েদের দুই ভাগে ভাগ করে আলাদা আলাদা জায়গায় মৌখিক পরীক্ষার জন্য ডাকা হচ্ছে। ভবনের পশ্চিম পাশের সেমিনার হলের সামনের বারান্দায় বিভাগের পিয়ন নান্টু টেবিল-চেয়ার নিয়ে বসেছেন। শিক্ষার্থীদের ওই টেবিলে গিয়ে প্রথমেই ২০০ টাকা জমা দিতে হচ্ছে। টাকা জমা দিলে নান্টু শিক্ষার্থীদের পরীক্ষার প্রবেশপত্রের পেছনে একটি বিশেষ স্বাক্ষর দিয়ে দিচ্ছেন।

ছেলেদের পরীক্ষার কক্ষের দরজার সামনে একজন শিক্ষক দাঁড়িয়ে রয়েছেন। তিনি প্রবেশপত্রের স্বাক্ষর যাচাই করছেন। পিয়নের স্বাক্ষর না থাকলে শিক্ষার্থীকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। একইভাবে মেয়েদের কক্ষের সামনেও আরেকজন শিক্ষক দাঁড়িয়ে থেকে একই কাজ করছেন।

কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা চার মাস আগে লিখিত পরীক্ষা দিয়ে রাজশাহী থেকে চলে গেছেন। শুধু মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে এসেছেন। এই বাড়তি টাকা দেওয়ার কথা তাঁদের আগে থেকে বলা হয়নি। নিয়ম অনুযায়ী তাঁরা পরীক্ষা-সংক্রান্ত সমস্ত ফি ব্যাংকের মাধ্যমে জমা দিয়েছেন। এই টাকার জন্য কোনো নোটিশও দেওয়া হয়নি। এখন পিয়নের কাছে টাকা জমা না দিলে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কাছে বাড়তি টাকা না থাকায় তাঁরা সহপাঠীদের কাছ থেকে টাকা ধার করে পিয়নকে দিয়ে স্বাক্ষর নিয়েছেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁরা শিক্ষকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, যেসব পরীক্ষক বাইরে থেকে এসেছেন, তাঁদের এই টাকা দেওয়া হবে। তা ছাড়া তাঁদের আপ্যায়ন খাতে এই টাকা খরচ করা হবে।

দর্শন বিভাগের প্রধান আবদুস সালামের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা তাঁর জানা নেই। কীভাবে টাকা আদায় করা হচ্ছে তার বর্ণনা দেওয়া হলে তিনি বলেন, তাহলে তাঁকে খোঁজ নিতে হবে। খোঁজ নিয়ে তিনি জানাচ্ছেন। পরে তিনি আর কিছুই জানাননি।

তবে এর কিছুক্ষণ পরে ওই বিভাগের অপর একজন শিক্ষক এই প্রতিবেদককে ফোন করে জানান, মাস্টার্সের শিক্ষার্থীদের একটি স্মরণিকা বের করা হয়েছে, তার জন্য এই টাকা আদায় করা হচ্ছে। অবশ্য এ বিষয়ে শিক্ষার্থীরা বলছেন, স্মরণিকার টাকা আগেই তাঁদের কাছ থেকে আদায় করা হয়েছে।

জানতে চাইলে রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, বহিরাগত পরীক্ষকদের খরচ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরিশোধ করা হয়। তিনি বলেন, পরীক্ষা বাবাদ যেকোনো খরচ রসিদের মাধ্যমে নেওয়া হয়। এভাবে নেওয়ার কোনো নিয়ম নেই। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।