মৌলভীবাজারে গৃহবধূ খুন, মির্জাপুরে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় গতকাল সোমবার চাচাতো ভাইয়ের ঘুষিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই দিন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পুলিশ অজ্ঞাতনামা একজনের লাশ উদ্ধার করেছে। এর আগের দিন রোববার রাতে মৌলভীবাজার সদর উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ করেছেন তাঁর বাবার বাড়ির লোকজন।

দেবীদ্বারে নিহত ব্যক্তির নাম কমলচন্দ্র সাহা (৫০)। তাঁর বাড়ি বেগমাবাদ গ্রামে। মৌলভীবাজারে খুনের শিকার গৃহবধূর নাম রোজী আক্তার (৩০)। এ ঘটনায় গতকাল সোমবার পুলিশ ওই গৃহবধূর স্বামী হেলাল মিয়াকে (৪০) আটক করেছে।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

কুমিল্লা: বেগমাবাদ বাজারের তিনজন ব্যবসায়ী বলেন, পান বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে গতকাল বেলা একটার দিকে কমলচন্দ্র সাহা ও তাঁর চাচাতো ভাই বিজয়চন্দ্র সাহার মধ্যে মারামারি হয়। একপর্যায়ে বিজয়ের ঘুষিতে কমল অচেতন হয়ে মাটিতে পড়ে যান। বিজয় ও তাঁর ভাই নসু সাহা কমলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বিজয় পালিয়ে গেছেন। দেবীদ্বার থানার এসআই এনামুল হক কমলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। দেবীদ্বার থানার ওসিমিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মৌলভীবাজার : রোজী আক্তারের শ্বশুরবাড়ির লোকজনের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রোজী গত রোববার রাতে দীর্ঘক্ষণ বাথরুম থেকে বের হচ্ছিলেন না। পরে তাঁরা বাথরুমের দরজা ভেঙে তাঁকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তবে রোজীর ছোট ভাই মুহিবুর রহমান অভিযোগ করেন, ‘আমার বোনকে খুন করা হয়েছে। এ ঘটনায় মামলা করব।’ সদর মডেল থানার ওসি আবদুছ ছালেক বলেন, গৃহবধূর গলা ও শরীরে আঘাতের চিহ্ন আছে। পুলিশি হেফাজতে থাকায় রোজীর স্বামী হেলাল মিয়ার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

মির্জাপুর (টাঙ্গাইল): গতকাল সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এলাকার পুকুরে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।