মৌলভীবাজারে ট্রেনে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেনে উঠে যাত্রীদের টাকা ও মুঠোফোন লুট করে পালিয়ে গেছে ডাকাতেরা। গত সোমবার রাত সোয়া ১০টার দিকে মৌলভীবাজারের শমশেরনগর ও কুলাউড়া স্টেশনের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক মজিবুর রহমান বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার পুলিশ ও শমশেরনগর স্টেশন সূত্র জানায়, গত সোমবার বিকেল চারটায় ঢাকার কমলাপুর থেকে সিলেটের উদ্দেশে কালনি এক্সপ্রেস ট্রেন ছেড়ে আসে। ট্রেনটির পেছনে একটি অতিরিক্ত বগি সংযুক্ত করা হয়। এটির সঙ্গে ট্রেনের অন্য বগিগুলোর যোগাযোগের পথ ছিল না। রাত ১০টার দিকে ট্রেনটি শমশেরনগর স্টেশন ছেড়ে যাওয়ার সময় বগিটিতে সাত-আটজনের একদল ডাকাত ওঠে। ডাকাতেরা ১০-১২ জন যাত্রীর কাছ থেকে টাকা ও মুঠোফোন লুট করে নিয়ে কুলাউড়া স্টেশনের আউটার সিগনাল এলাকায় চেইন টেনে ট্রেন থামিয়ে নেমে যায়।
কুলাউড়ার স্টেশনমাস্টার মুহিবুর রহমান বলেন, বগিটিতে ট্রেনের কর্মচারী ও রেল-পুলিশের চলাচল করার সুযোগ থাকলে এ ঘটনা
ঘটত না।