মৌলভীবাজারে নয়টি খড়ের গাদা পুড়িয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের জাকান্দি গ্রামে গত সোমবার রাতে হিন্দু পরিবারের নয়টি খড়ের গাদা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তারা কেটে দিয়েছে কয়েক শ শিম ও লাউগাছও।
গতকাল বুধবার সরেজমিনে জাকান্দি গ্রামে দেখা যায়, বাড়ির পাশেই শিমের মাচায় নেতিয়ে পড়ছে গোড়া কাটা গাছ। লাউগাছ নেতিয়ে মাটির সঙ্গে মিশে আছে। এ সময় ক্ষতিগ্রস্ত গৌরাঙ্গ দে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা হিন্দু-মুসলমান একসঙ্গে থাকছি। কারও সঙ্গে বিদ্বেষ নাই। আমরা এখন খড় ছাড়া গরু-বাছুর কী করে পালন করব।’
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের কয়েকজন সদস্য জানান, সোমবার রাত দুইটার দিকে তাঁরা জেগে দেখেন, বিভিন্ন বাড়িতে আগুন জ্বলছে। একে একে পুড়ে যায় গৌরাঙ্গ দের একটি, নারায়ণ দের একটি, মিহির রঞ্জন দের দুটি, দয়াময় দের দুটি, প্রভাস দের একটি খড়ের গাদা এবং উমা কান্ত দের একটি খড়ের গাদা ও একটি খড়ের ঘর। খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন; পুলিশও ঘটনাস্থলে যায়।
এ ছাড়া গৌরাঙ্গের শতাধিক শিমগাছ, মিহিরের অর্ধশতাধিক শিমগাছ, উমার প্রায় ১০০ শিমগাছ ও ১১৪টি কুমড়াগাছের গোড়া কেটে ফেলা হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুছ ছালেক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কেউ কোনো অভিযোগ দেননি।