মৌলভীবাজারে পাখি ধরতে জালের ফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে পরিযায়ী পাখির আগমনের আভাস পেয়েই তৎপর হয়ে উঠেছেন পাখি শিকারিরা। পাখি ধরতে বিভিন্ন স্থানে জালের ফাঁদ পেতে রাখা হচ্ছে।
স্থানীয় লোকজন এবং বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্র জানায়, পরিযায়ী পাখিরা মৌলভীবাজারের হাওর-বাঁওড়, জলাভূমি ও বনাঞ্চলে আসা শুরু করেছে। পাখি আসার আভাস পেয়েই তৎপর হয়ে উঠেছেন পাখি শিকারিরা। শিকারিদের পাতা ফাঁদে পরিযায়ী ও দেশি পাখি ধরা পড়ছে।
মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের জগন্নাথপুর এলাকার খাইঞ্জার হাওরের জলাভূমি ও ধানখেতের মধ্যে পাখি শিকারিরা জালের ফাঁদ এবং দেশি পাখি ধরার জন্য গাছের ডালপালা দিয়ে ছদ্ম ঝোঁপ বানিয়ে রাখে। হাওরে বিলের পানি কমে যাওয়ায় মাছ ও পোকামাকড় খাওয়ার লোভে উড়ে আসা বকপাখি, পানকৌড়ি ও ফিঙে দিনের বেলা এবং রাতে পরিযায়ী ও দেশীয় হাঁস, সরালিসহ বিভিন্ন পাখি শিকারির পাতা ফাঁদে আটকা পড়ে। অন্যান্য পাখি বিক্রি করলেও ফিঙে মারা যায়। বেশ কিছুদিন ধরে এখানে পাখি শিকার চলছে। এ ছাড়া মৌলভীবাজার শহরতলির পূর্ব হিলালপুর এলাকা, রাজনগর উপজেলার কাওয়াদীঘি হাওরের ফতেহপুর ইউনিয়নের আবদুল্লাপুরসহ আশপাশের হাওর এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের মরা বরাক নদী এলাকায়ও জাল পেতে পাখি শিকার চলছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার কার্যালয়ের রেঞ্জার ইমাম উদ্দিন বলেন, ‘আমরা যেখানেই জাল পেতে পাখি শিকারের খবর পাচ্ছি, সেখানেই লোক পাঠাচ্ছি।’