মৌলভীবাজারে বিদ্যালয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আজাদ বখত উচ্চবিদ্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতির খাতা আগে শিক্ষকদের সাধারণ কক্ষে থাকত। কিছুদিন ধরে খাতাটি প্রধান শিক্ষকের কক্ষে থাকে। গতকাল সকাল ১০টার দিকে স্কুলের সহকারী প্রধান শিক্ষক শিহাবুর রহমান এক অফিস সহকারীকে দিয়ে খাতাটি শিক্ষকদের সাধারণ কক্ষে নিয়ে সই দিতে চাইলে প্রধান শিক্ষক তাতে আপত্তি জানান। এ নিয়ে শিহাবুর রহমান ও প্রধান শিক্ষক হাবিবুর রহমানের মধ্যে কথা-কাটাকাটি হয়।একপর্যায়ে সহকারী প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কক্ষের দরজা-জানালা ভাঙচুর করে। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির কয়েকজন সদস্য এসে পরিস্থিতি শান্ত করেন। ভাঙচুরের সময় জানালার কাচে হাত কেটে যাওয়ায় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সমজুল হককে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সহকারী প্রধান শিক্ষক শিহাবুর রহমান অভিযোগ করেন, ‘প্রধান আমার বাবা ও আমাকে নিয়ে কটূক্তি করেন। এতে ক্ষুব্ধ ছাত্ররা ভাঙচুর ও মিছিল করেছে। ’ প্রধান শিক্ষক বলেন, ‘টিচার অ্যাটেনডেন্সের খাতা আমার রুমে থাকে। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পিয়নকে খাতা নিতে বলেছে। আমি দিইনি। পরে রুমে ঢুকে আমাকে যা খুশি বলতে থাকে। তখন আমি তাকে সুন্দর করে কথা বলতে বলেছি। এতে আমাকে বেইজ্জত করা হয়েছে। ’