মেয়র আনিসুল হককে হুমকির ঘটনায় এক ব্যক্তি গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এস এ নাহিদ হ্যাপি (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার এফডিসি গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান প্রথম আলোকে বলেন, গত ১৪ জুলাই মেয়র মো. আনিসুল হককে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরে ইমাম মোহাকি পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন দেন। ফোনে তিনি ভয়ভীতি দেখান এবং আনিসুল হককে হত্যার হুমকি দেন। এ ঘটনায় মেয়র গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘ওই ব্যক্তি আমাকে কয়েকবার ফোন করে, এরপর এসএমএসও পাঠায়। আমি তাকে এসব করতে মানা করেছি। তারপরও সে এভাবে ফোন করে। পরে আমি বিষয়টি র্যাবকে জানাই।’
র্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-২-এর সদস্যরা গতকাল বিকেলে এফডিসি গেট এলাকা থেকে নাহিদকে গ্রেপ্তার করেন। র্যাবের জিজ্ঞাসাবাদে নাহিদ জানান, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন ব্যক্তির সম্পর্কে তথ্য সংগ্রহ করে তাঁদের মোবাইলে হুমকি দেন। এরপর চাঁদা দাবি করেন। চাঁদার টাকা বিকাশের মাধ্যমে আদায় করেন বলে স্বীকার করেন তিনি। র্যাব জানায়, নাহিদ মাদকসেবী। মাদকের চাহিদা পূরণের জন্যই তিনি এ ধরনের কর্মকাণ্ড করেন।