মেয়র নাছিরকে সংবর্ধনা, তাই পেছাল পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনকে সংবর্ধনা দেওয়ার জন্য একটি বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে অবস্থিত হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়ে আজ মঙ্গলবার বেলা ১১টায় মেয়র আ জ ম নাছির উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হবে। বিদ্যালয় পরিচালনা কমিটি এ সংবর্ধনার আয়োজন করেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সময়সূচি অনুযায়ী আজ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সংবর্ধনার কারণে আজকের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাশ গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষাগুলো মঙ্গলবারের পরিবর্তে ১৬ তারিখ নেওয়া হবে। তবে তিনি এর বেশি কিছু বলতে রাজি হননি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কদর সংবর্ধনা অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁর দাবি, মঙ্গলবার বিদ্যালয়ে কোনো পরীক্ষা ছিল না।
মেয়র আ জ ম নাছির উদ্দিনের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ প্রথম আলোকে বলেন, সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজকেরা জানিয়েছেন, মঙ্গলবার কোনো পরীক্ষা ছিল না।